বাগমারায় চাঁদা না দেওয়ায় নলকূপ স্থাপন বন্ধ!
রাজশাহীর বাগমারায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এক লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে জমিতে সেচ দেওয়ার জন্য গভীর নলকূপ স্থাপন করতে দেননি। এ ব্যাপারে ওই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করেছেন স্থানীয় আবদুল মান্নান। স্থানীয়রা জানায়, উপজেলার পলাশী গ্রামের চাষিরা তাঁদের আড়াই শ বিঘা জমিতে একটি গভীর নলকূপ থেকে সেচ দিয়ে আসছিলেন। কিন্তু ওই নলকূপ দিয়ে সব জমিতে চাহিদা অনুযায়ী সেচ দেওয়া সম্ভব হচ্ছিল না। চাষিরা পলাশী গ্রামের আবদুল মান্নানকে নলকূপ স্থাপনের অনুরোধ করেন। তিনি ১৫ অক্টোবর মোল্লাপাড়ার বুড়োপুকুরের কাছে নলকূপ স্থাপনের জন্য যান। সেখানে যাওয়ার পর পলাশী গ্রামের জোনাব আলী, আবদুস সোবহান, বাচ্চুসহ কয়েকজন নলকূপ স্থাপনের জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় শ্রমিকদের নলকূপ স্থাপন না করে সেখান থেকে চলে যেতে বলেন। ওই সময় থেকে নলকূপ স্থাপন বন্ধ রয়েছে। জোনাব আলী, আবদুস সোবহান ও বাচ্চু নলকূপের উদ্যোক্তা আবদুল মান্নানের কাছে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন।