বাগমারায় ছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গত শুক্রবার এক কলেজছাত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ওই কলেজছাত্রীর প্রেমিকের বাড়িতে এ ঘটনা ঘটে। পাবনার ঈশ্বরদীতে একজনকে হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জ ও জয়পুরহাটের পাঁচবিবি থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগমারা (রাজশাহী): উপজেলার তালঘরিয়া গ্রামের বাসিন্দা ও ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী রেশমা খাতুনের (২২) সঙ্গে একই গ্রামের বাসিন্দা তাহেরপুর ডিগ্রি কলেজের ছাত্র মনিরুজ্জামান ওরফে ইউনুছের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে ইউনুছ রেশমা খাতুনকে তাঁর বাড়িতে ডেকে পাঠান। রেশমা সেখানে এসে বিয়ে করার জন্য ইউনুছকে চাপ দেন। ইউনুছ বিয়ে করতে অস্বীকৃতি জানানোর কারণে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইউনুছ তাঁকে মারধর করেন। ছাত্রীর মা রাজু বালা অভিযোগ করেনে, তাঁর মেয়েকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে ইউনুছ পলাতক। গতকাল পুলিশ ঘটনাস্থল এসে রেশমার লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ইউনুছের বোন চায়না বিবিকে আটক করেছে। যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ঈশ্বরদী (পাবনা): একদল দুর্বৃত্ত উপজেলার চরগড়গড়ি গ্রামের মৃত শমসের আলীর ছেলে আবদুল মজিদকে (২৫) গত সোমবার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ওই দিন মজিদের ভাই আবদুর রাজ্জাক বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেছেন। রাজ্জাক অভিযোগ করেন, এলাকার সন্টু, তরিকুল, কাইয়ুম, আলমগীরসহ কয়েকজন তাঁর ভাইকে হত্যা করেছে। নীলফামারী: কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি গ্রাম থেকে পুলিশ শুক্রবার অজ্ঞাতনামা একজনের (৫৫) লাশ উদ্ধার করেছে। নিহতের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পাঁচবিবি (জয়পুরহাট): উপজেলার আটাপুর ইউনিয়নের ঝিনাইগাড়ী খারির পাশের একটি শিমুলগাছে ঝুলন্ত অবস্থায় একটি লাশ শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে পাঁচবিবি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।