বাগমারায় ছেলের সন্ধান চেয়ে বাবার জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় সাড়ে তিন মাস ধরে নিখোঁজ এক যুবকের সন্ধান চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা। ওই যুবকের নাম উজ্জ্বল হোসেন (২২)। তিনি রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবার নাম বাবর আলী।
গত মঙ্গলবার বাগমারা থানায় করা জিডিতে বাবর আলী উল্লেখ করেন, উজ্জ্বল হোসেন গত বছরের ১৯ ডিসেম্বর উপজেলার আউচপাড়া ইউনিয়নের তোকিপুর গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বাড়ি থেকে যাওয়ার আগে তাঁর ব্যবহার করা মুঠোফোনও রেখে গেছেন। ছেলের সন্ধানের জন্য কলেজ ও ছাত্রাবাসে গিয়ে কোনো হদিস পাননি। সাড়ে তিন মাস ধরে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি।
বাবর আলী বলেন, তাঁর মেধাবী ছেলে উজ্জ্বল হোসেন রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকার একটি ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন। মাস দেড়েক থেকে তাঁর মধ্যে কিছুটা মানসিক পরিবর্তন লক্ষ করেন তিনি। কথা কম বলতেন। অনেক প্রশ্ন করলেও সহজে জবাব দিতেন না। তাঁর আশঙ্কা, তাঁর ছেলে জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়েছিলেন।
বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জিডির কথা স্বীকার করে জানান, উজ্জ্বলের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হবে।
এর আগে একই উপজেলার বাসিন্দা ইংরেজি সাহিত্যের দুই শিক্ষার্থী জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন। তাঁরা হলেন শরিফুল ইসলাম ওরফে সোলেমান ও মাঈনুল ইসলাম ওরফে মুসা। এই দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ বি এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার প্রধান আসামি।