বাগমারায় জেএমজেবির তালিকাভুক্ত সদস্য গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) তালিকাভুক্ত এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
আজ রোববার ভোরে উপজেলার ঝিকড়া ইউনিয়নের গুনিয়াডাঙ্গা গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৩২)। তাঁর বাড়ি বাগমারার গুনিয়াডাঙ্গা গ্রামে। বাবার নাম আনিসুর রহমান।
বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান বলেন, রাজ্জাককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জেএমজেবির তালিকাভুক্ত সদস্য। জেলা পুলিশের বিশেষ শাখার তালিকায় তাঁর নাম রয়েছে।
পুলিশ জানায়, বাগমারার ঝিকড়া ইউনিয়নের কালিগঞ্জ বাজারে পেট্রলবোমা মজুত এবং জঙ্গি তৎপরতার অভিযোগে রাজ্জাকের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, রাজ্জাককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরের দিকে তাঁকে আদালতে পাঠানো হবে।