বাগমারায় তালিকা অনুমোদনের পরও শুরু হয়নি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকা অনুমোদন হওয়ার পরেও রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের হতদরিদ্র ব্যক্তিরা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজিতে চাল কিনতে পারছেন না। বিভিন্ন অজুহাতে খাদ্য বিভাগ এ ইউনিয়নে চাল বিক্রির জন্য আধা সরকারি (ডিও) পত্র দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
বাগমারার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহনপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোছা. পারভীন বলেন, ‘অনুমোদিত তালিকা পেয়েছি। ইউএনও ম্যাডামের সঙ্গে বসে আলোচনা করে অচিরেই চাল বিক্রি শুরু করা হবে।’
খাদ্যবান্ধব কর্মসূচির গনিপুর ইউনিয়ন কমিটির ১২ জন সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের ৯০০ জন হতদরিদ্র ব্যক্তির তালিকা তৈরি করে উপজেলা খাদ্য কার্যালয়ে ৯ অক্টোবর জমা দেওয়া হয়। এর আগে তালিকা তৈরি নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বিরোধ দেখা দেয়। পরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে তালিকা তৈরি করা হয়। তালিকা প্রস্তুত কমিটির ১৭ জন সদস্য গত ২৭ সেপ্টেম্বর তা অনুমোদন করেন। এরপর কমিটির সভাপতি উপজেলা শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আবদুল মুমীত তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে জমা দেন। এরপরও চাল বিক্রি শুরু করা হয়নি।
গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে ১০ টাকা কেজির চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। গনিপুর ছাড়া বাগমারার অন্যান্য ইউনিয়নে ৭ অক্টোবর থেকে চাল বিক্রি শুরু হয়।
গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, খাদ্য বিভাগ চাল বিক্রি শুরু করেনি। তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। এতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চাল নিয়ে ডিলার ও প্রশাসন চালবাজি শুরু করেছে।
কমিটির উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মনোনীত সদস্য মোজাম্মেল হক ও বেলাল হোসেন বলেন, চাল কেনার জন্য তালিকাভুক্ত হতদরিদ্র ব্যক্তিরা বারবার খোঁজখবর নিলেও চাল বিক্রি শুরু হয়নি।
ইউনিয়নের ডিলার ইউসুফ আলী সরকার ও মো. শিমুল বলেন, তাঁরা গুদাম থেকে চাল উত্তোলনের জন্য এখনো ডিও পাননি। এ কারণে বিক্রি করতে পারছেন না। পেলেই বিক্রি শুরু করা হবে। এ বিষয়ে প্রতিনিয়ত খাদ্য বিভাগে খোঁজখবর নিয়েও ফলাফল পাননি।
ইউএনও নাছরিন আক্তার বলেন, তালিকায় নাম থাকা কয়েকজনের বিরুদ্ধে গতকাল বুধবার লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের পর চাল দেওয়ার ব্যবস্থা করা হবে।