বাগমারায় দরপত্রে ঘাপলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা ঠিকাদার সমিতির বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে অর্ধকোটি টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপজেলার যাত্রাগাছি, ঝিকরা ও হাতরোম নামক স্থানে তিনিটি সেতু নির্মাণে ৬৬ লাখ টাকার দরপত্র আহ্বান করে। এ জন্য মোট ১৭৮টি দরপত্র বিক্রি হয়। গত বছরের ২৪ ডিসেম্বর দরপত্র খোলা হলেও লটারি হয়নি। ১৩ জানুয়ারি লটারির দিন নির্ধারণ করা হয়।কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, ওই দিন উপজেলা ঠিকাদার সমিতির নেতারা তাঁদের পছন্দের তিনটি ঘুঁটি আগেই নিজেদের হাতে রাখেন। তাঁরাই নিজেদের কাছে থাকা ঘুঁটি উত্তোলন করে তাঁদের নাম ঘোষণা করেন। এ সময় কয়েকজন ঠিকাদার প্রতিবাদ করলে তাঁদের হুমকি দেওয়া হয়। দরপত্র কমিটির সদস্যরা সেখানে উপস্থিত থাকলেও কোনো প্রতিবাদ করেননি।ভবানীগঞ্জের ঠিকাদার আক্তার এন্টারপ্রাইজের আক্তারুল আলম অভিযোগ করেন, তিনি তিনটি দরপত্র কিনেছিলেন। ওই দিন ঠিকাদার সমিতির মাজেদুর রহমান নিজের হাতে থাকা ঘুঁটি উত্তোলন করেন। প্রতিবাদ করলে তাঁকে হুমকি প্রদান ও লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। ওবাইদুর রহমানের লাইসেন্স ব্যবহার করে মাজেদুর রহমান একটি কাজ পেয়েছেন। এ বিষয়ে দরপত্র কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। রাজশাহী শহরের ঠিকাদার সাঈদ হাসান একই অভিযোগ করে বলেন, ঠিকাদার সমিতি দুর্নীতি করে নিজেদের মধ্যে কাজ ভাগবাঁটোয়ারা করে নিয়েছে।তবে সমিতির সদস্য মাজেদুর রহমান নিজ হাতে ঘুঁটি উত্তোলন করার কথা স্বীকার করলেও নিজেদের মধ্যে কাজ ভাগবাঁটোয়ারা সম্পর্কে কিছু বলতে চাননি। খোঁজ নিয়ে জানা গেছে, ৬৬ লাখ টাকার কাজ সবগুলো ঠিকাদার সমিতির লোকজন নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন। তাঁরা এ জন্য কিছু কাজ পাওয়া ঠিকাদারদের কাছ থেকে কিছু টাকা নিয়ে সেগুলো অন্য সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। অপর দুটি কাজ পেয়েছেন সমিতির এমদাদুল হক ও আবদুল গাফ্ফার।আবদুল গাফ্ফার বলেন, ‘আমি লটারির মাধ্যমে কাজ পেয়েছি। এর বেশি কিছু বলব না।’ দরপত্র কমিটির সদস্যসচিব উপজেলা পিআইও আলাউদ্দিন দাবি করেন, কমিটির সামনে লটারি হয়েছে। তবে এখনো অনুমোদন দেওয়া হয়নি।