বাগমারায় দুই পক্ষের সংঘর্ষ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় উৎকোচের মাধ্যমে বয়স্ক ভাতার কার্ড না দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাচারীকোয়ালীপাড়া ইউপির সদস্য লাইলী খাতুনের স্বামী মকছেদ আলী বয়স্ক ভাতার কার্ড দেওয়ার কথা বলে ছয়জনের কাছ থেকে আড়াই থেকে তিন হাজার টাকা করে উৎকোচ নেন। কিন্তু নাম তালিকাভুক্ত না হওয়ায় গতকাল সোমবার সকালে তাঁদের একজন সাইদ আলী টাকা ফেরত চাইতে মকছেদ আলীর বাড়িতে যান। সেখানে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মকছেদ আলীর লোকজন সাইদ আলীর ওপর হামলা চালান। তাঁকে উদ্ধারের জন্য হেলাল ও কাদির নামের দুই ব্যক্তি এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষের একপর্যায়ে মকছেদ আলীর লোকজন পালিয়ে যান। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মকছেদ আলী জানান, কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। তাঁরা পরিকল্পিতভাবে বাড়িতে এসে টাকা দাবি করেন।