বাগমারায় নাদিম মোস্তফার সমর্থক পাঁচ নেতা লাঞ্ছিত
রাজশাহীর বাগমারায় জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের বাধার মুখে ছাত্রদলের নতুন কমিটির নেতা-কর্মীরা আনন্দ মিছিল করতে পারেননি। ছাত্রদলের বঞ্চিত নেতা-কর্মীদের হাতে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সভাপতি এবং উপজেলা বিএনপির সভাপতিসহ পাঁচজন লাঞ্ছিত হয়েছেন। লাঞ্ছিতরা রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার সমর্থক বলে পরিচিত।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ত্যাগী নেতাদের বাদ দেওয়া ও সম্মানজনক পদ থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করে দলের একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। ছাত্রদলের নতুন কমিটিতে স্থান পাওয়া নেতা-কর্মী-সমর্থকেরা গত সোমবার বিকেলে ভবানীগঞ্জ কৃষি ব্যাংক মোড় থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি কিছুদূর এগোনোর পর ডাকঘর চত্বরের কাছে পদবঞ্চিত নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে। তাঁরা মিছিলে থাকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে মিছিলকারীরা (নাদিম মোস্তফার সমর্থক) কৃষি ব্যাংক চত্বরে সংঘবদ্ধ হন।পরে পদবঞ্চিত ক্ষুব্ধ নেতা-কর্মীরা লাঠি নিয়ে মিছিল বের করেন। মিছিল থেকে রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও উপজেলা সভাপতি মকলেছুর রহমানের বিরুদ্ধে স্লোগান দেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে গরুহাটায় এসে শেষ হয়। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক আনিসুর রহমান জানান, সন্ধ্যার পর পদবঞ্চিত নেতা-কর্মীদের হাতে উপজেলা ছাত্রদলের সভাপতি শাহীন রেজা, ভবানীগঞ্জ পৌর সভাপতি আতিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম লাঞ্ছিত হন। এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের হাতে উপজেলা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান লাঞ্ছিত হন। উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন রেজা জানান, তাঁরা আনন্দ মিছিল করতে চেয়েছিলেন। বাগমারায় ছাত্রদল ও যুবদলে পারিবারিক রাজনীতির অবসান ঘটাতে কিছু নেতা-কর্মী ক্ষুব্ধ হয়ে তাঁদের বাধা দিয়েছেন। ছাত্রদলের নেতা জহুরুল ইসলাম জানান, ত্যাগী ও প্রকৃত ছাত্রদের বাদ দিয়ে নাদিম মোস্তফার অনুসারী হিসেবে পরিচিত লোকজনদের পদ দেওয়া হয়েছে। তাঁরা এ কমিটি মেনে নেবেন না। জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, কিছু ত্যাগী নেতা নিয়ম অনুযায়ী বয়সের সীমাবদ্ধতার কারণে বাদ পড়েছেন।