বাগমারায় নালা থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
রাজশাহীর বাগমারায় আজ মঙ্গলবার রাতে নালা থেকে শাওন আহমেদ (১৮) নামের এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাওন উপজেলার দেউলা গ্রামের মুক্তিযোদ্ধা আবু বাক্কারের ছেলে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, আজ রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভবানীগঞ্জ-বিহানালী সড়কের নিচের দানগাছি এলাকায় এক নালায় রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় নিশ্চিত হয়ে তা উদ্ধার করে। লাশের মুখমণ্ডল রক্তাক্ত অবস্থায় ছিল।
শাওন আহমেদের বাবা মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিক জানান, তাঁর ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। তাঁকে বাড়িতেই আটকে রাখা হতো। তিনি জানান, গতকাল সোমবার শাওন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন তিনি।
আবু বাক্কার সিদ্দিক জানান, তাঁর ছেলেকে কেউ মেরে ফেলেছে বলে মনে করছেন না তিনি। এ বিষয়ে রাতেই থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।