বাগমারায় পাখি রক্ষায় গ্রামবাসীর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাখি বনজ সম্পদ, পাখি মারা নিষেধ, মারলে এক হাজার টাকা জরিমানা’। সাইনবোর্ডে এভাবে লিখে রাস্তার পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাশে রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট-বড় অর্ধশত গাছের একটি বাগান।
এটি রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়নের ছোটকয়া গ্রামের দৃশ্য। পাখি রক্ষা ও শিকার না করার আহ্বান জানিয়ে এ ধরনের উদ্যোগ নিয়েছেন গ্রামের লোকজন।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীগঞ্জ-বান্দাইখাঁড়া সড়কের পাশে অবস্থিত ছোটকয়া গ্রামে গিয়ে চোখে পড়ে সাইনবোর্ডটি। পাশে রয়েছে একটি বিশাল বাগান। বাগানের অনেক গাছের সঙ্গে স্থানীয়রা অপরিচিত হওয়ায় তাঁরা তা জঙ্গল হিসেবেই জানে। বাগান পরিদর্শনকালে কয়েকটি গাছের মগডালে বেশ কিছু অচেনা পাখিও দেখা যায়।
ছোটকয়া গ্রামের আসাদুল ইসলাম, বুলেট, সাহার আলী ও বাবুল হোসেন জানান, পাখি রক্ষায় তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। এ বছর কোনো শিকারিকে জঙ্গলে দেখা যায়নি ও তাঁদের হাতে কোনো পাখিও শিকার হয়নি। পাখি রক্ষায় তাঁরা দিনের বেলায় পালাক্রমে পাহারা দেন বলে জানান।
স্থানীয় ২০-২৫ জনের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের মৌসুমে ছোটকয়ার এই জঙ্গলে দেশি ও অতিথি পাখি এসে ভিড় জমায়। তবে বছরজুড়ে দেশীয় বিভিন্ন জাতের পাখিও এখানে আশ্রয় নেয়। ভোরে অধিকাংশ পাখি আহারের জন্য বিভিন্ন জায়গায় চলে যায় ও সন্ধ্যায় ফিরে আসে। যেসব পাখি দিনের বেলায় গাছে থাকে, সেগুলোই সাধারণত শিকারে পরিণত হয়। শিকারিরা এয়ারগানসহ বিভিন্ন ধরনের ফাঁদ পেতে পাখি শিক্ষার করেন।
স্থানীয় বড়বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, প্রতিবছর এই জঙ্গলে প্রচুর অতিথি পাখি আসে। প্রথম পর্যায়ে (দুই-তিন বছর আগে) গ্রামের লোকজন পাখির বিষ্টায় ও দুর্গন্ধে অতিষ্ঠ ছিল। তবে গত বছর অতিথি পাখির সংখ্যা কমে যাওয়ায় স্থানীয় কিছু লোকজনের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ জন্য নিজেদের খরচে সাইনবোর্ড তৈরি করে বাগানের পাশে লাগিয়ে দেয়।
বাগমারার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিত ছোটকয়ার লোকজনদের এমন উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ‘পশুপাখি আমাদের সম্পদ। এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব।’