বাগমারায় পেঁয়াজের দাম কমায় হতাশ কৃষক

রাজশাহীর বাগমারা উপজেলায় এবার পেঁয়াজের ফলন ভালো হওয়ায় লাভের আশায় ছিলেন কৃষকেরা। কিন্তু বাজারে বিক্রি করতে গিয়ে হতাশ হয়ে ফিরছেন তাঁরা। কারণ পেঁয়াজের দাম গত বছরের তুলনায় নেমে এসেছে অর্ধেকে। বর্তমানে বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
সরেজমিনে গত শুক্র ও শনিবার উপজেলার তাহেরপুর, ভবানীগঞ্জ ও মচমইল হাট ঘুরে দেখা যায়, কৃষকেরা পেঁয়াজ নিয়ে বসে আছেন। কিন্তু পাইকারদের আনাগোনা কম। কয়েকজন কৃষক বলেন, ‘এবার পেঁয়াজের সরবরাহ বেশি, কিন্তু ক্রেতা কম। আগে দরদাম করে পেঁয়াজ বিক্রি করেছি। এবার কেউ দামই জিজ্ঞাসা করছে না। গত বছরের উল্টো চিত্র এবার।’
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের বছরগুলোয় এ সময়ে আল (কন্দ) পেঁয়াজের ভালো দাম পাওয়া গেলেও এবার উৎপাদন খরচই উঠছে না। বাজারে ক্রেতা পাওয়া যাচ্ছে না। নিরুপায় হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
চেউখালী গ্রামের আবদুর রহমান ও নানসোর গ্রামের ইদ্রিস আলী বলেন, তাঁরা এবার তাহেরপুরি জাতের পেঁয়াজ চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছে। তবে আশানুরূপ দাম পাচ্ছেন না। গত বছর এই মৌসুমে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হলেও এবার তা ৪০০ টাকায় নেমেছে। কিন্তু প্রতি মণ পেঁয়াজ চাষে খরচ পড়েছে ৪০০ টাকার বেশি।
সৈয়দপুর গ্রামের মোজাহার হোসেন ও শ্রীপুর গ্রামের দেছের আলী বলেন, খেতের পেঁয়াজ বিক্রি করে তাঁরা বোরো ধান আবাদে খরচ করেন। তবে পেঁয়াজের আশানুরূপ দাম না পাওয়ায় সার ও কীটনাশক বাকিতে কিনতে হচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার উপজেলায় ১ হাজার ৭৮০ হেক্টর জমিতে তাহেরপুরি জাতের আল (কন্দ) পেঁয়াজ চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। প্রতি বিঘায় উৎপাদন হয়েছে ৫০-৫৩ মণ।
দুই পাইকারি ব্যবসায়ী যশোরের আবেদ আলী ও দিনাজপুরের সোহরাব হোসেন বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে বাগমারা থেকে পাইকারি দরে পেঁয়াজ কিনে অন্য জায়গায় বিক্রি করেন। এখানকার তাহেরপুরি জাতের পেঁয়াজের চাহিদা ভালো। তবে এ বছর বাজারে ভারতীয় পেঁয়াজের আমদানি বেশি থাকায় দেশীয় জাতের চাহিদা কম বলে জানান। এ কারণে দামও পড়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান বলেন, পেঁয়াজের দাম কম হওয়ায় চাষিদের উৎপাদন খরচ উঠছে না। বেশি আমদানি ও উৎপাদন ভালো হওয়ায় আশানুরূপ দাম পাওয়া যাচ্ছে না।