বাগমারায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এ সময় বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়। উপজেলার দ্বীপপুর, গণিপুর, আউচপাড়ায় গতকাল বুধবার এসব হামলার ঘটনা ঘটে। এ সময় সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর ও তাদের ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে গণিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামানের লোকজন ভটভটিতে করে একডালায় যাচ্ছিল। চকমহব্বতপুর গ্রামে পৌঁছালে পরাজিত চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের লোকজন তাদের গাড়ি থামিয়ে হামলা চালায়। এতে ১৫ জন আহত হয়। এ সময় হারুন অর রশিদের লোকজন পোড়াকায়া বাজারে জয়ী প্রার্থীর সমর্থকদের পাঁচটি দোকানপাট ভাঙচুর করে। আহতদের মধ্যে জাহিদুল (২০), আবুল হোসেন, সোহরাব হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আউচপাড়ায় পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় আকরাম হোসেনসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে গতকাল সকালে উপজেলার দ্বীপপুরে পরাজিত এক ইউপি সদস্যের লোকজন হিন্দুদের বাড়িতে হামলা চালিয়ে চারটি ঘরবাড়ি ভাঙচুর ও ১০ জনকে পিটিয়ে জখম করে। আহত তিনজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন শীতাবালা, অনীল ও গৌতম। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে দ্বীপপুর ইউপির খাপুর গ্রামের পরাজিত ইউপি সদস্য প্রার্থী সাখাওয়াত হোসেন তাঁর লোকজন নিয়ে ওই গ্রামের সংখ্যালঘু পাড়ায় ঢোকেন। ভোট না দেওয়ার জন্য তাঁরা সংখ্যালঘুদের কাছে কৈফিয়ত চান। একপর্যায়ে তাঁরা ক্ষুব্ধ হয়ে হামলা চালান। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ সরকার জানান, ইউপি নির্বাচন কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন চলছে। বাগমারা থানার ওসি হারুন অর রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি। তিনি সংখ্যালঘুদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন। তবে হামলাকারীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।