রাজশাহীর বাগমারার তাহেরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল বুধবার স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভায় তাহেরপুর পৌরসভার মেয়রের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভায় কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করা হয়। এ পদের জন্য পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুনসুর রহমান মৃধা ও শিক্ষক মাহাবুর রহমান প্রার্থী হন। বিজয়ী হন মুনসুর রহমান মৃধা। পৌর মেয়র এতে আপত্তি জানান। তিনি কমিটির সভাপতি পদের জন্য আগ্রহ প্রকাশ করে ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেন। নিয়ম অনুযায়ী পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রধান শিক্ষক তাঁকে জানান। কিন্তু মেয়র এতে ক্ষিপ্ত হন। পরে তিনি ১০-১২ জনের একটি দল নিয়ে সভায় হামলা চালান। তাঁরা প্রধান শিক্ষককে চড়-থাপড় মারেন এবং লোহার রড দিয়ে পেটান। মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন মুনসুর রহমান। মেয়র আবুল কালাম আজাদ দাবি করেন, ‘প্রধান শিক্ষকের আচরণে ক্ষুব্ধ হয়ে ছাত্র ও অভিভাবকেরা তাঁর ওপর হামলা চালিয়েছে।’