বাগমারায় বাংলা ভাইয়ের গাড়ির চালক গ্রেপ্তার, জেলহাজতে
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দ্বিতীয় শীর্ষনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের গাড়ির চালক শহিদুল ইসলামকে (৩৫) গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে।রাজশাহীর বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, গতকাল ভোরের দিকে বাগমারার মধ্যঝিনা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এএসআই আরও জানান, ২০০৪ সালে বাংলা ভাই বাহিনীর বিভিন্ন অভিযানে শহিদুল তাঁর (বাংলা ভাইয়ের) ব্যক্তিগত গাড়ির (পিকআপ) চালক ছিলেন। ওই সময় রায়সেনপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রমজান আলীকে শহিদুলসহ বাংলা ভাই বাহিনীর সদস্যরা ধরে নিয়ে নির্যাতন করে। পরে তাঁর কাছ থেকে ৮০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়।জানা যায়, ২০০৬ সালে রমজান মামলা করলে পুলিশ শহিদুলসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ওই মামলায় হাজির না হওয়ায় আদালত শহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শহিদুল বাংলা ভাইয়ের গাড়ির চালক ছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।