বাগমারায় বাংলা ভাইয়ের দুই সহযোগী গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় গতকাল মঙ্গলবার জঙ্গি হামলায় সংশ্লিষ্ট একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৫)। তাঁরা হলেন, উপজেলার কনোপাড়া গ্রামের আবদুল মান্নান (৫১) ও মির্জাপুর গ্রামের আবদুল মান্নান খন্দকার (৫০)।র্যা বের দাবি, ওই ব্যক্তিরা প্রয়াত জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য।র্যা ব-৫-এর জঙ্গি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা গোলাম সারোয়ার জানান, গতকাল সকালে তাহেরপুর-দুর্গাপুর সড়ক দিয়ে ওই ব্যক্তিরা রাজশাহী যাবেন বলে তাঁদের কাছে খবর আসে। এর ভিত্তিতে র্যা বের একটি দল ওই সড়কে অবস্থান নেয়। সকাল নয়টায় তাহেরপুর থেকে একটি অটোরিকশায় করে যাওয়ার সময় র্যা ব আবদুল মান্নানকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার তালতলি বাজার থেকে আবদুল মান্নান খন্দকারকে গ্রেপ্তার করা হয়। আবদুল মান্নানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্ট পাঁচটি এবং আবদুল মান্নান খন্দকারের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দীর্ঘদিন থেকে তাঁরা পলাতক ছিলেন। র্যা ব হেফাজতে তাঁরা বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেন।