বাগমারায় বাংলা ভাইয়ের সহযোগী জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী বেলাল হোসেনকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।এর আগে গত বুধবার কুষ্টিয়ার ভেড়ামারায় জেএমবির সদস্য সন্দেহে আশিকুল ইসলাম ওরফে সাজ্জাদ নামে আরেকজনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, বুধবার রাতে তাঁরা খবর পান বাংলা ভাইয়ের সহযোগী বেলাল দীর্ঘদিন পলাতক থাকার পর কামারবাড়ি গ্রামের বাড়িতে এসেছেন। সকালে রাজশাহী শহরে চলে যাবেন। এর ভিত্তিতে পুলিশের একটি দল গতকাল সকালে সাদা পোশাকে উপজেলার ভবানীগঞ্জ বাজারের টেম্পোস্ট্যান্ডে অবস্থান নেয়। সাড়ে ১০টার দিকে গাড়িতে ওঠার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থলের আশপাশে র্যাবের একটি দলও অবস্থান নেয়।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, চাঁদাবাজি, নির্যাতন ও জঙ্গিকে মদদদানের অভিযোগে কামারবাড়ি গ্রামের ইব্রাহিম হোসেন ২০০৯ সালের ২০ মার্চ বেলালের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।