বাগমারায় বিদ্যালয়ের মাঠে হাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাড়ির শব্দে আর লোকজনের কথাবার্তায় কিছুই শোনা যায় না। ক্লাসরুমে একটু থাকলে মাথা ধরে যায়।’ কথাগুলো রাজশাহীর বাগমারার মচমইল উচ্চবিদ্যালয়ের ছাত্র জাফর ইকবালের। শুধু সে একা নয়, তার মতো আরও অনেক শিক্ষার্থীর একই অভিযোগ। বিদ্যালয়ের মাঠে হাট বসায় এ রকম বিড়ম্বনায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। পাঠদান কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও হাট ইজারাদার সূত্রে জানা যায়, সপ্তাহের চার দিন—শুক্রবার, রোববার, সোমবার ও বুধবার মচমইল হাটবার। ওই চার দিনই হাট বসে বিদ্যালয়ের মাঠে। পানবিক্রেতা বানাইপুরের আফজাল হোসেন জানান, তিনি এই মাঠে পান বিক্রি করেছেন। এ জন্য তাঁকে ইজারাদারকে খাজনা দিতে হয়েছে। একই রকম কথা বলেছেন ক্রেতা ও বিক্রেতারা। মচমইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেক মেহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের মাঠে হাট বসায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী মাঠ থেকে হাট উচ্ছেদের উদ্যোগ নিয়েছিল। পরে আর বাস্তবায়ন হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, হাটের ইজারাদার নূরুল ইসলাম হলেও তাঁর আরও অংশীদার রয়েছেন। তার মধ্যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব অন্যতম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব মচমইল হাটে তাঁর অংশীদারি থাকার কথা স্বীকার করে বলেন, হাট বসানোর ফলে কোনো সমস্যা হয় না। যে সময় হাট বসে, তখন বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলে না। ইজারাদার নূরুল ইসলামও প্রধান শিক্ষকের অংশীদার থাকার কথা নিশ্চিত করে বলেন, তাঁদের অনুমতি নিয়েই হাট বসানো হয়। এ জন্য বিদ্যালয়কে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সামান্য পরিমাণ টাকা দিতে হয়। বিদ্যালয়ের মাঠে হাট বসানো ঠিক কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক দিন ধরে হাট বসছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, বিদ্যালয়ের মাঠে হাট বসানোর বিষয়ে তিনি অবগত। তিনি বলেন, শুধু মচমইলে নয়, আরও অনেক বিদ্যালয়ের মাঠে হাট বসে। তবে হাট বসানো ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।