বাগমারায় বিদ্যুতের অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গ্রাহকদের কাছ থেকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অতিরিক্ত বিল আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিবিধ খাতের নাম ভাঙিয়ে চলতি মাসে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলেছে, গত মাসের বৃদ্ধি পাওয়া অতিরিক্ত দাম আদায় করছে।বাগমারা গ্রামের এক গ্রাহক আফজাল হোসেন বলেন, ‘গত মাসের চেয়ে এবার চার গুণ বেশি বিল পরিশোধ করেছি। আমার মতো সাধারণ মানুষের কাছ থেকে বিবিধ খাত দেখিয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। অথচ বড় গ্রাহকদের (ভিআইপি) কাছ থেকে এই খাতে এক টাকাও নেওয়া হয়নি।’মানিক উল্লাহ অভিযোগ করেন, সেপ্টেম্বর মাসে তিনি ১৭৭ টাকা বিল পরিশোধ করলেও এবার কম বিদ্যুৎ ব্যবহার করেও বিল পরিশোধ করতে হয়েছে ৪৭০ টাকা। হেলাল উদ্দিন নামের এক গ্রাহক জানান, পল্লী বিদ্যুতের লোকজন তাঁদের লোকসানের কথা বলে ইচ্ছামতো বিল আদায় করছেন।জানা গেছে, গত সেপ্টেম্বরের বিল পরিশোধের জন্য উপজেলায় সাড়ে ৩১ হাজার গ্রাহকের মধ্যে পর্যায়ক্রমে বিলের সরবরাহ শুরু হয়েছে। চলতি মাসের ১৬ তারিখে প্রায় ২০ হাজার গ্রাহকের কাছে বিলের কাগজ পৌঁছে দেওয়া হয়। গতকাল সোমবার ছিল বিল পরিশোধের (জরিমানা ছাড়া) শেষ তারিখ।খোঁজ নিয়ে জানা যায়, এসব বিলে বিবিধ খাতের কথা বলে ২০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বিল জুড়ে দেওয়া হয়েছে। তাঁরা পরিশোধও করেছেন। বাগমারা থানা মোড়ের আবু বাক্কার জানান, তাঁর কাছ থেকে বিবিধ খাতে ১৪৫ টাকা নেওয়া হয়েছে। মামুনুর রশিদ জানান, তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে ৪৬ টাকা। তবে সচেতন কিছু গ্রাহকের কাছ থেকে বিবিধ খাতের এই টাকা নেওয়া হয়নি। বিলের কাগজ দেখে এর সত্যতাও পাওয়া গেছে।চানপাড়ার ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান এম হোসেন কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছ থেকে বিবিধ খাতে কোনো অতিরিক্ত বিল নেওয়া হয়নি। তারা কেবল চলতি মাসের চার লাখ ৭৯ হাজার ৯২৮ টাকা পরিশোধ করেছে।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, গত মাসের বৃদ্ধি পাওয়া বিল নেওয়া হয়নি, তাই চলতি মাসের বিলের সঙ্গে তা নেওয়া হচ্ছে। বড় বড় গ্রাহকের কাছ থেকে বিবিধ খাতের কথা বলে অতিরিক্ত বিল নেওয়া হয়নি কেন, এ প্রশ্ন করলে তিনি কিছু বলেননি। এ ছাড়া গত মাসের বাড়তি বিলের কথা উল্লেখ না করে বিবিধের কথা উল্লেখ করে কেন টাকা নেওয়া হচ্ছে, এ বিষয়েও তিনি স্পষ্ট কিছু জানাননি।