বাগমারায় বিদ্যুতের অর্ধশতাধিক খুঁটি ঝুঁকিপূর্ণ
রাজশাহীর বাগমারা উপজেলায় পল্লী বিদ্যুতের অর্ধশতাধিক খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এগুলো ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা পরিবর্তন বা অপসারণ করা হয়নি।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, দেড় যুগ আগে বাগমারায় পল্লী বিদ্যুৎ সমিতি কার্যক্রম শুরু করলে পিডিবি তাদের লাইন পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর করে। ওই সময় থেকে পল্লী বিদ্যুৎ নতুন করে লাইন টানতে কাঠের খুঁটি ব্যবহার করে আসছে। এ ছাড়া পিডিবির বেশ কিছু ষ্টিলের খুঁটি এখনো ব্যবহার করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কিন্তু কাঠের খুঁটিগুলোর মধ্যে অনেকগুলোর নিচ থেকে মাটি সরে গেছে। এ ছাড়া বেশ কিছু খুঁটি নষ্ট হয়ে গেছে অনেক আগেই। ঝড়ে কয়েকটি খুঁটির ওপর গাছ পড়ে খুঁটিগুলো হেলে পড়েছে।গ্রাহকেরা অভিযোগ করেন, খুঁটি অপসারণ বা পরিবর্তনের জন্য লিখিত অভিযোগ করেও কাজ হয় না।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (নির্মাণ-পরিকল্পনা-রক্ষণাবেক্ষণ) শাহিন কবির কাঠের প্রায় ৭০টি খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কথা স্বীকার করে বলেন, এগুলোর তালিকা তৈরি করা হয়েছে। এসব স্থানে নতুন খুঁটি বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।