বাগমারায় বিধি ভঙ্গ করে বিএনপির প্রার্থী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধি ভঙ্গ করে দলীয় প্রার্থী দিল রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি। ১২ মে বিকেলে সভা করে উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাগমারার ১৬ ইউনিয়নের নির্বাচন আগামী ১৪ ও ১৮ জুন। ১২ মে বিকেলে সংগঠনের দপ্তরে উপজেলা বিএনপি-সমর্থিত একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। জেলা বিএনপির সহসভাপতি সাবেক সাংসদ আবদুল গফুর, উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ছয়টি ইউনিয়নে দলীয় মনোনয়নপ্রত্যাশী একাধিক প্রার্থী থাকায় তাঁদের নাম ঘোষণা করা হয়নি। ১০ ইউনিয়নের মধ্যে গণুিপরে উপজেলা সভাপতির বড় ভাই মনিরুজ্জমান, শ্রীপুরে ইউপি সাধারণ সম্পাদক আকবর আলী মল্লিক, বাসুপাড়ায় উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল জব্বার মণ্ডল, মাড়িয়ায় ইউপি সভাপতি ইসমাইল হোসেন, হামিরকুৎসায় মামনুর রশিদ, সোনাডাঙ্গায় মোজাফ্ফর হোসেন, দ্বীপপুরে উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বড়বিহানালীতে সহসভাপতি রফিকুল ইসলাম, ঝিকড়ায় সাইদুর রহমান ও গোয়ালকান্দিতে জামায়াতের নেতা আবদুল মজিদ খানকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে বিবৃতি দিয়েছে উপজেলা বিএনপি। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগও তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গত বছরের ৯ অক্টোবর এক বর্ধিত সভায় ১৬ ইউনিয়নে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। স্থানীয় সাংসদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান বিধি ভঙ্গ করে দলীয় প্রার্থীর নাম ঘোষণা প্রসঙ্গে বলেন, তাঁদের দলীয় সমর্থন দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগও একইভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এটা ঠিক কি না, তা বলতে পারেননি তিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কাজেই এটা বিধি ভঙ্গের মধ্যে পড়ে না বলে দাবি করেন তিনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সালাম জানান, বাগমারায় কোনো রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছে কি না, তা তাঁর জানা নেই। কেউ লিখিত অভিযোগও করেনি। তবে স্থানীয় নির্বাচন নির্দলীয়, এখানে দলীয় প্রার্থী ঘোষণা করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।