বাগমারায় বিল দখল করে মাছ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগের এক নেতার ছেলে ও ভাগনের বিরুদ্ধে কৃষকদের জমি দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে। বিলে পানি ধরে রেখে মাছের চাষ করায় চাষাবাদে সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষকদের।ভুক্তভোগী কৃষকেরা বিলটি দখলমুক্ত করার দাবি জানিয়ে জেলা প্রশাসনে লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা মৎস্য কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন। দখলদারেরা বিলে মাছ চাষের কথা স্বীকার করে বলেছেন, একটি পক্ষকে চাঁদা না দেওয়ায় তারা অভিযোগ করেছে।এলাকার দেড় শতাধিক কৃষকের স্বাক্ষরিত আবেদন ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গণিপুর ইউনিয়নের মদন বিলে হাসনিপুর, আচিনঘাট ও চান্দেরআড়া গ্রামের তিন শতাধিক কৃষকের আবাদি জমি রয়েছে। বর্ষায় আশপাশের গ্রাম ও বারানই নদের পানি খাল দিয়ে বিলে প্রবেশ করে। অবাধে পানি প্রবাহের জন্য খালের মুখে কালভার্ট রয়েছে। চাষাবাদের মৌসুমের আগেই বিল থেকে পানি নেমে যায়। তখন কৃষকেরা সেখানে চাষবাস করেন। তবে কয়েক বছর ধরে বিলটি দখল করে গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেনের ছেলে কামরুল হাসান (২৮) ও ভাগনে আবু বাক্কার (৩০) মাছের চাষ করছেন। তাঁরা মাছ চাষের জন্য কালভার্টের মুখে বাঁশের বেড়া ও ইটের প্রাচীর দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছেন।সরেজমিনে গিয়ে কালভার্টের মুখ বন্ধ করে মাছের চাষ করতে দেখা গেছে। স্থানীয় কৃষক মোস্তাফিজুর রহমান জানান, তাঁরা (অভিযুক্তরা) কৃষকদের সাড়ে তিন শ বিঘা জমি দখল করে পানির প্রবাহ বন্ধ করে মাছের চাষ করছেন। এতে নির্দিষ্ট সময়ে বিল থেকে পানি নিষ্কাশন হয় না। এ ছাড়া প্রচুর আগাছা জন্মে। এতে চাষাবাদে সমস্যা দেখা দেয় এবং দেরিতে চাষবাস শুরু করতে হয়।কয়েক বছর ধরে এই সমস্যায় ভুগছেন বলে জানালেন হাসনিপুরের মাহাতাব, আতাউর রহমান, জব্বার খান, চান্দেরআড়া গ্রামের আক্কাছ আলীসহ স্থানীয় কৃষকেরা। তাঁরা জানান, চাষাবাদের সময় পার হয়ে গেলেও দখলকারীরা বিল থেকে পানি নিষ্কাশন করেন না। তাঁদের সুবিধামতো সময়ে পানি নিষ্কাশন করায় চাষাবাদে দেরি হয়ে যায়। বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, জেলা প্রশাসকের কাছে দেওয়া এলাকাবাসীর এ-সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত করতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে সত্যতা পেয়েছেন। অভিযুক্ত আবু বাক্কার বিলে মাছ চাষের কথা স্বীকার করে বলেন, ‘সেখানে আমাদেরও কিছু জমি আছে।’ তবে তিনি দাবি করেন, বিলে মাছ চাষে কোনো সমস্যা হয় না। স্থানীয় একটি পক্ষ চাঁদা না পেয়ে অভিযোগ করেছে। অন্যের জমি দখল করে মাছের চাষ করা ঠিক কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এলাকার কিছু মসজিদ-মাদ্রাসায় অনুদান দেই।’ অপর অভিযুক্ত কামরুল হাসান মুঠোফোনে মদন বিলে মাছ চাষের কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে চাননি।