বাগমারায় ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই
রাজশাহীর বাগমারায় গত রোববার এক পোলট্রি ব্যবসায়ীকে মারধর করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ী শামীম হোসেনকে (৩২) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বিহানালী ইউনিয়নের ভূগিপাড়া গ্রামের পোলট্রি ব্যবসায়ী শামীম হোসেন রোববার রাতে ডিম বিক্রি শেষে স্থানীয় বাঘাবাড়ি বাজার থেকে ফিরছিলেন। রাত নয়টার দিকে তিনি বাঘাবাড়ি বাজারের অদূরে পৌঁছালে ছয়-সাতজনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রের মুখে তাঁর কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে তারা পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে ওই টাকা ছিনিয়ে নিয়ে যায়।ঘটনার ঘণ্টা খানেক পর স্থানীয় লোকজন শামীমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, তিনি ঘটনা সম্পর্কে অবহিত রয়েছেন, এখনো মামলা হয়নি।