বাগমারায় ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর
রাজশাহীর বাগমারা উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে স্থানীয় লোকজন ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বাসুপাড়া ইউনিয়নের মরাবিলে মাছ চাষ নিয়ে জাবেদ আলীর সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলে আসছিল। পরে জাবেদ স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাছ চাষ করেন। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন জাবেদের অনুপস্থিতিতে ওই বিল থেকে মাছ ধরে ট্রাকে করে হাটগাঙ্গোপাড়া বাজারে নিয়ে যান। সকাল আটটার দিকে একটি আড়তে পৌঁছালে জাবেদ ও তাঁর সহযোগীরা মাছের ট্রাকটি ছিনিয়ে নেন। একপর্যায়ে তিন শতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে জাবেদের বাড়ি ঘিরে ফেলেন। তাঁরা জাবেদের বাড়ি ও জ্যোতিগঞ্জ বাজারে অবস্থিত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা জাবেদের ভাই আবু জাফরের পানের বরজে আগুন দেন। তখন জাবেদের বোন মরিয়ম বেগম ছাড়া পরিবারের অন্য কেউ সেখানে ছিলেন না।
বাগমারা থানার ওসি আবদুল হামিদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।