বাগমারায় ভিজিডির চাল পাচ্ছেন না দুস্থ পাঁচ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়নের পাঁচ দুস্থ নারী তালিকাভুক্ত হওয়ার পরেও ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের (ভিজিডি) সহায়তার চাল পাচ্ছেন না। এই দুস্থ পাঁচ নারী হলেন ইউনিয়নের বলয়পাড়ার পারুল বিবি, উত্তর কোয়ালীপাড়ার শিল্পী বেগম ও মনোয়ারা খাতুন, ডুখলপাড়ার হামিদা বিবি এবং ভাতঘরপাড়া গ্রামের সেলিনা বিবি।পারুল বিবি জানান, চালের জন্য প্রতি মাসে পরিষদে গেলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বরাদ্দের চাল চাওয়ায় ইউপি চেয়ারম্যান ও কয়েকজন সদস্য গালমন্দ করেন বলেও তিনি জানান। আরেক কার্ডধারী হামিদা বিবি জানান, ২৭ এপ্রিল চালের জন্য পরিষদে গেলে তাঁদের লাঞ্ছিত করে ফিরিয়ে দেওয়া হয়। নির্বাচনে চেয়ারম্যানকে ভোট না দেওয়ায় এ প্রতিশোধ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।তাঁরা জানান, চাল পাওয়ার জন্য মার্চ মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি।তবে যোগিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপির স্থানীয় নেতা সাইফুল ইসলাম জানান, তাঁকে ভোট না দেওয়ার জন্য নয়, কার্ডধারীরা অবৈধভাবে তালিকাভুক্ত হওয়ায় তাঁদের ভিজিডির সহায়তার চাল দেওয়া হচ্ছে না। তিনি পাল্টা অভিযোগ করেন, কার্ডধারী পাঁচ নারী ভিজিডি কমিটির সদস্যসচিব ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার মাধ্যমে অবৈধভাবে তালিকাভুক্ত হয়েছেন।তবে মহিলাবিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তালিকা তৈরির দায়িত্ব ইউনিয়ন কমিটির। আমরা শুধু যাচাই-বাছাই শেষে তালিকা অনুমোদন দিয়ে থাকি।’ দুস্থ পাঁচ নারীর চাল না পাওয়ার বিষয়টি তিনি অবগত আছেন।যোগিপাড়া ইউনিয়ন ভিজিডি কমিটির সদস্য সামশুল হক জানান, সঠিকভাবে পাঁচ দুস্থ নারীর নাম তালিকাভুক্ত করা হয়েছে।উপজেলা ভিজিডি কমিটির সভাপতি ইউএনও সাদেকুল ইসলাম জানান, চাল না পাওয়া দুস্থ নারীদের লিখিত আবেদন তিনি পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য মহিলাবিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।