বাগমারায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যু!
রাজশাহীর বাগমারা উপজেলায় অনুমোদনহীন একটি হাসপাতালে ভুল অস্ত্রোপচারের কারণে গতকাল মঙ্গলবার বিলকিস বেগম নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রোগীর স্বজনেরা লাশ নিয়ে হাসপাতালে বিক্ষোভ করেছেন। বিলকিসের বাড়ি উপজেলার ভটখালী গ্রামে। তাঁর চাচাতো ভাই জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, বিলকিস (৪২) গত শনিবার পেটের ব্যথায় ভুগছিলেন। ওই দিন তাঁকে উপজেলার মোহনা নার্সিং হোম নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিলকিস হার্নিয়া ও পাইলসে ভুগছেন। ওই দিনই তাঁর দুই দফা অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচারের পর থেকে রক্তক্ষরণ শুরু হয়। গতকাল আশঙ্কাজনক অবস্থায় বিলকিসকে একটি মাইক্রোবাসে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে হাসপাতালের কর্তৃপক্ষ। পথেই তাঁর মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, পরে বিলকিসের লাশ ওই হাসপাতালে এনে স্বজনেরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, হাসপাতালটি অনুমোদনের জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত অনুমোদন পায়নি। অভিযোগ অস্বীকার করে হাসপাতালের পরিচালক লোকমান হাকিম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইনতেখার আলম ও শিক্ষানবিশ চিকিৎসক সুলতান আবেদিন অস্ত্রোপচার করেন। ভুল চিকিৎসায় নয়, শৌচাগারে পড়ে গিয়ে রোগীর মৃত্যু হয়েছে।