বাগমারায় মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি নিয়ে বিভ্রান্তি
রাজশাহীর বাগমারার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে পাঠানো একটি ভুয়া চিঠি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। চিঠির কারণে শতাধিক নিয়োগ-প্রক্রিয়া আটকে আছে। তবে শিক্ষা বিভাগ এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য চিঠি দিয়ে প্রতিষ্ঠানপ্রধানদের সতর্ক করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নামে উপজেলার ৬৯টি মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী সমিতির দাবি ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাঁদের চাকরির বয়স এক বছর বাড়িয়ে ৬১ বছর করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়গুলোতে সকল প্রকার নিয়োগ স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এই চিঠি পাওয়ার পর শিক্ষকেরা বিভ্রান্তিতে পড়েছেন। তাঁরা চিঠি পেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছেন। স্কুলগুলো শূন্য পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে এই চিঠির কারণে বিপাকে পড়েছে। অনেক প্রার্থীও এ নিয়ে উদ্বিগ্ন। রফিকুল ইসলাম নামের এক প্রার্থী জানান, তিনি সহকারী শিক্ষক পদে তিন শ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ আবেদন করেছেন। তাঁকে জানানো হয়েছে নিয়োগ স্থগিত রয়েছে, পরে নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে। খোঁজ নিয়ে জানা যায়, বাগমারার শতাধিক নিয়োগপ্রক্রিয়া এই চিঠির কারণে আটকে আছে। চান্দেরআড়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী মুক্তার হোসেন জানান, এই চিঠির কারণে তিনি নিয়োগ বোর্ড বসাতে পারেননি। কাচারীকোয়ালীপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম জানান, তাঁর প্রতিষ্ঠানেও এ রকম চিঠি পাঠানো হয়েছে। চিঠি পেয়ে তিনি বিভ্রান্তিতে পড়েছেন বলে জানান।দ্বীপপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, মিরপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ অনেকে জানান, এই চিঠি তাঁরাও পেয়েছেন। উপজেলা শিক্ষা কার্যালয়ে গিয়ে তাঁরা কিছুই জানতে পারেননি। চিঠি সংগ্রহ করে দেখা যায়, মন্ত্রণালয়ের ইতিপূর্বে পাঠানো চিঠির সঙ্গে এই চিঠির কোনো মিল নেই। এ ধরনের কোনো চিঠি বা নোটিশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নেই। এ ছাড়া ডাকযোগে পাঠানো চিঠিতে যে খাম ব্যবহার করা হয়েছে তাতে ‘রাষ্ট্রীয় কার্যে ব্যবহূত’ কথাটি লেখা নেই। রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন জানান, তিনি এই চিঠির কোনো অনুলিপি পাননি। ঢাকায় খোঁজ নিয়ে চিঠিটি ভুয়া বলে নিশ্চিত হয়েছেন। এ ছাড়া এ ধরনের কোনো সিদ্ধান্তও হয়নি। বাগমারা উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান জানান, তাঁর দপ্তরে এ ধরনের চিঠি নিয়ে শিক্ষকেরা ভিড় করছেন। এসব চিঠি ভুয়া দাবি করে তিনি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য মঙ্গলবার বিদ্যালয়ের প্রধানদের চিঠি দেওয়া হয়েছে বলে জানান।