বাগমারায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৫০
মাইকে ঘোষণা দিয়ে রাজশাহীর বাগমারায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কাজিহাটা বিলে এ সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৫০ জন আহত হন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাজিহাটা মাঠে মোহনপুরের তাঁতীপাড়া ও আতুবাড়ি একাদশের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় আতুবাড়ি একাদশের একটি গোল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আয়োজকেরা উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসা করে দেয়। কিন্তু তাঁতীপাড়ার কিছু সমর্থক এ মীমাংসায় সন্তুষ্ট ছিল না।এ ঘটনার জের ধরে বুধবার প্রতিপক্ষ তাঁতীপাড়ার সমর্থকদের মারধরে কাজিহাটার সমর্থক কলেজছাত্র রুবেল আহত হন। এ ঘটনায় ওই দিন রাতে উভয় পক্ষ এলাকার মসজিদের মাইকে সংঘর্ষ করার জন্য বৃহস্পতিবার প্রস্তুতি নেওয়ার ঘোষণা দেয়। কাজিহাটা পক্ষের আবুল কালাম অভিযোগ করেন, তাঁতীপাড়া গ্রামের লোকজন তাঁদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তাঁতীপাড়ার পক্ষের আবদুল হাকিম জানান, তিনি হামলার ব্যাপারে আগে জানতেন না। সংঘর্ষে তাঁদেরও বেশ কিছু লোক আহত হয়েছে।রাজশাহীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল আবদুল হান্নান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। সমঝোতার জন্য উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছে।