বাগমারায় মাছ ধরা নিয়ে সংঘর্ষ পুলিশসহ আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার বিলকালাই বিলে মাছ ধরাকে কেন্দ্র করে গত রোববার পুলিশ, বারইপাড়ার গ্রামবাসী ও বিলকালাই মত্স্যজীবী সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পি এম সফিকসহ কয়েক শ গ্রামবাসীকে আসামি করে দুটি মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও গ্রামবাসী জানায়, চলনবিল মত্স্য উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিলকালাই বিলে স্থানীয় মত্স্যজীবী সমিতি মাছ ছাড়ে। বিলের ব্যক্তিমালিকানাধীন কিছু জমিতেও মাছ ছাড়ে সমিতির লোকজন। গত রোববার সকালে সমিতির লোকজন মাছ ধরতে গেলে বারইপাড়া গ্রামের বাসিন্দারা বাধা দেয় এবং দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিকেলে বারইপাড়ার গ্রামবাসী বিলে মাছ ধরার চেষ্টা করলে মত্স্যজীবী সমিতির লোকজন বাধা দেয় এবং দুই পক্ষের মধ্যে ফের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে গ্রামবাসীদের লাঠিপেটা করে। এতে ছয়জন নারী আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে এবং পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে। এ সময় পুলিশ ও সমিতির লোকজন বারইপাড়া গ্রামের লোকজনকে ধাওয়া করে। উভয় পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিত্সা নিয়েছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ নারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে জানান, সংঘর্ষে তিনজন উপপরিদর্শকসহ (এসআই) ১২ জন পুলিশ আহত হন এবং ভাঙচুরে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।ওসি জানান, সরকারি কাজে বাধা, সরকারি সম্পদ নষ্ট ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত রোববার রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক পি এম সফিক, স্থানীয় আওয়ামী লীগের নেতা আয়েজ উদ্দিনসহ ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আড়াই শ ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। এ ছাড়া বিলকালাই মত্স্যজীবী সমিতির সভাপতি আক্কাছ আলী বাদী হয়ে দুই লাখ টাকার মাছ লুট ও সমিতির লোকজনের ওপর হামলার অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিক্ষক পি এম সফিক জানান, তিনি ঘটনা সম্পর্কে কিছু জানেন না। ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তাঁকে আসামি করা হয়েছে। গ্রামবাসী মাসুদ রানা জানান, নিজেদের জমিতে মাছ ধরতে গেলে সমিতির লোকজন বাধা দেয় এবং পুলিশ ডেকে গ্রামবাসীকে লাঠিপেটা করে। পুলিশের লাঠিপেটায় নারীরা আহত হন। সমিতির সভাপতি আক্কাছ আলী জানান, তাঁরা সরকারি নিয়ম মেনে মাছ চাষ করছেন। বারইপাড়া গ্রামের লোকজন তাঁদের ওপর হামলা করেছে এবং দুই লাখ টাকার মাছ লুট করেছে।