বাগমারায় যৌতুক না পেয়ে খুন্তির ছেঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীকে বিদেশে যাওয়ার জন্য যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীর ওপর নির্যাতন চালানো হয়েছে। স্বামী তাঁর মুখ, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে গরম তেলে ডুবানো খুন্তির ছেঁকা দিয়ে তাঁকে ঘরে আটকে রাখেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারার রামরামা গ্রামে। এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাগমারা থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, আট বছর আগে উপজেলার চেউখালী গ্রামের রহমতুল্যার মেয়ে রওশনারার সঙ্গে রামরামা গ্রামের মুনসুরের ছেলে শহিদের বিয়ে হয়। শহিদ তাঁর প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই চার বছর আগে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। তারপর থেকে তাঁদের দাম্পত্য জীবনে বিবাদ শুরু হয়। রওশনারা জানান, স্বামী যৌতুকের জন্য তাঁকে প্রায়ই নির্যাতন করতেন। গত শুক্রবার দুপুরে তিনি রান্না করছিলেন। এ সময় শহিদ বিদেশে যাওয়ার জন্য যৌতুকের টাকার দাবিতে তাঁকে মারধর করেন। একপর্যায়ে শহিদ গরম তেলে খুন্তি ডুবিয়ে তাঁর মুখ, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে একটি ঘরে আটকে রাখেন। পরে সন্ধ্যায় রওশনারা পালিয়ে বাবার বাড়িতে চলে যান। গত শনিবার তাঁকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাঁর মা। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ তা অভিযোগ হিসেবে গ্রহণ করে। গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, রওশনারা যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফোসকা পড়েছে। মুখে খুন্তির ছেঁকা দেওয়ায় ভালোভাবে কথা বলতে পারছিলেন না। তাঁর মা জাহানারা জানান, দীর্ঘদিন ধরে রওশনার ওপর শহিদ নির্যাতন চালিয়েছে। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, এ ব্যাপারে রওশনার মা জাহানারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীম জানান, রওশনারার শরীরের একাধিক স্থানে ছেঁকা দেওয়া হয়েছে। চিকিৎসা চলছে।