বাগমারায় শারীরিক অসুস্থতায় প্রার্থিতা প্রত্যাহার করলেন জাপার প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র পদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আবু তালেব প্রামাণিক। তিনি জাপার বাগমারা উপজেলা শাখার সভাপতি ও রাজশাহী জেলা কমিটির সহসভাপতি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল রোববার দুপুরে জাপার প্রার্থী আবু তালেব দলের ১৫-২০ জন নেতা-কর্মী নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আসেন। এ সময় তিনি শারীরিকভাবে অসুস্থতার কথা বলে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন। পরে তাঁর আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র ফিরিয়ে দেওয়া হয়।
গোলাম মোস্তফা জানান, জাপার প্রার্থী অসুস্থ কি না, তা তিনি জানেন না। এ ছাড়া বিষয়টির সমর্থনে কোনো কাগজপত্র বা চিকিৎসকের ব্যবস্থাপত্রও জমা দেওয়ার বিধান নেই।
এর আগে দলীয় মনোনয়ন পাওয়ার পর আবু তালেব মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে মনোনয়নপত্র দাখিলের পর থেকেই তিনি নীরব ছিলেন। কোনো গণসংযোগ বা প্রচারণায় ছিলেন না।
এদিকে জাপার একমাত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য সাধারণ কর্মী-সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, ১৪ বছর পর তাঁরা লাঙল প্রতীক পেয়েছিলেন। তারপরও তা হারালেন।
নাম প্রকাশ না করার শর্তে ১৬ জন কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দলের চেয়ারম্যান সম্মান দেখিয়ে তাঁকে মনোনয়ন দিয়েছেন, আর তিনি প্রার্থিতা ফিরিয়ে দিলেন। এতে দলের ক্ষতি হলো বলে তাঁরা মন্তব্য করেছেন।
তবে আবু তালেবর দাবি, তিনি অসুস্থতার কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তবে প্রার্থিতা প্রত্যাহার করায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি। প্রার্থিতা প্রত্যাহারে তাঁর প্রতি কোনো চাপ ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি তা অস্বীকার করেছেন।
এদিকে আবু তালেবের প্রার্থিতা প্রত্যাহারে এই পৌরসভায় এখন বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির একজন করে প্রার্থী নির্বাচনে থাকলেন। তাঁরা হলেন আওয়ামী লীগের পৌরসভা শাখার সভাপতি আবদুল মালেক ও বিএনপির পৌরসভা শাখার সভাপতি আবদুর রাজ্জাক।