বাগমারায় শিক্ষকদের প্রতি হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় কয়েকজন শিক্ষককে মারপিট ও হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় দুই শিক্ষক ছুটি নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাগমারার ১৬ ইউনিয়নের মধ্যে প্রথম আট ইউনিয়নের নির্বাচন ১৪ জুন শেষ হয়েছে। অবশিষ্ট আরও আট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। ১৫ জুন শ্রীপুর ইউনিয়নের রামগুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফাকে পিটিয়েছে এক চেয়ারম্যান পদপ্রার্থীর ক্যাডাররা।শিক্ষক গোলাম মোস্তফা জানান, এক চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল মহড়ায় তাঁকে অংশ নেওয়ার জন্য বলা হয়। তিনি এতে সম্মত না হলে তাঁর মোটরসাইকেল চাওয়া হয়। এতেও তিনি অপারগতা জানালে তাঁকে বিদ্যালয়ের অন্য সহকর্মীদের সামনে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। পরে সহকর্মীরা ক্যাডারদের হাত থেকে ওই শিক্ষককে রক্ষা করেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আকবর আলী মল্লিক ও শিক্ষকের সহকর্মীরা এর সত্যতা স্বীকার করেছেন।এদিকে পরাজিত এক প্রার্থীর সমর্থকদের হুমকির কারণে বিদ্যালয়ে যেতে পারছেন না গণিপুর ইউনিয়নের চকমহব্বতপুর উচ্চবিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আফসার আলী ও আশরাফ আলী। তাঁরা হামলার আশঙ্কায় বিদ্যালয় থেকে ছুটি নিয়েছেন।গণিপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, ওই দুই শিক্ষক নির্বাচনে তাঁর পক্ষে কাজ করেছেন। তাঁদের হুমকি দেওয়ায় ভয়ে তাঁরা ছুটি নিয়ে অন্যত্র অবস্থান করছেন বলে জানান। তিনি বিষয়টি বাগমারা থানাকে অবহিত করেছেন বলে জানান।বাগমারা থানার ওসি হারুণ অর রশিদ জানান, বিভিন্ন স্থান থেকে এ ধরনের খবর পাওয়া যাচ্ছে। কেউ মামলা করতে আসেনি। উপজেলার নরদাশ, আউচপাড়া ও বড়বিহানালী ইউনিয়নে আরও কয়েকজন শিক্ষকের ওপর হামলা ও হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, শিক্ষকদের ওপর হামলা ও ভয়ভীতি দেখানো দুঃখজনক।