বাগমারায় সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গণিপুর ইউনিয়নের মোহনগঞ্জ গ্রামের জুয়াদুর রহমান ও নাসিম উদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলাও রয়েছে। গতকাল সকালে নাসিম উদ্দিনের সঙ্গে জুয়াদুর রহমানের বাগিবতণ্ডা হয়। এর একপর্যায়ে জুয়াদুর রহমানকে মারধর করেন নাসিম। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টার সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। জুয়াদুর রহমান পক্ষের আনোয়ারুল ইসলামকে সংজ্ঞাহীন অবস্থায় গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় জুয়াদুর রহমান ও নাসিম উদ্দিন পরস্পরকে দায়ী করেছেন।
বাগমারা থানার ওসি আবদুল হামিদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় কেউ মামলা করেনি।