বাগমারায় সাংসদের ভাইয়ের কব্জায় ৫২ খাসপুকুর!
রাজশাহীর বাগমারা উপজেলার ৫২টি খাসপুকুর নিজের কব্জায় নিয়েছেন স্থানীয় সাংসদের ছোট ভাই। বিত্তহীন সমবায় সমিতির নামে পুকুরগুলো ইজারা নেওয়া হলেও সমিতির সদস্যরা কিছুই জানেন না। পুকুরগুলো ইজারা নিয়ে তিনি বেশি দামে সাবলিজ দিচ্ছেন। যদিও সাবলিজ দেওয়া যাবে না বলে দরপত্রে উল্লেখ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে তিন বছর মেয়াদে খাসপুকুরগুলো ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়। ফেব্রুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে ১৪ এপ্রিল শেষ হয়। প্রথম দফায় মৎস্যজীবি সমিতি ও পরে অন্যান্য সমিতিকে পুকুর ইজারা দেওয়ার বিধান রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে ইজারা পাওয়া ওই পুকুরের টাকা জমা দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এদিকে নিবন্ধিত বিভিন্ন সমিতিকে ইজারা দিতে গত ৫ এপ্রিল পঞ্চম দফায় দরপত্র আহ্বান করা হয়। গত ১৭ এপ্রিল জলমহাল ইজারা কমিটির সভার মাধ্যমে নির্বাচিত সমিতিগুলোকে পুকুর ইজারা দেওয়া হয়। এ দফায় ৫২টি খাসপুকুর ইজারা নিয়েছেন স্থানীয় সাংসদ এনামুল হকের ছোট ভাই রেজাউল হক। ৮ মে তিনি ইউএনওর দপ্তর থেকে ইজারা পাওয়া পুকুরগুলোর চিঠি সমিতির পক্ষে সংগ্রহ করেছেন। তিনি প্রতারণার মাধ্যমে ৫২টি বিত্তহীন সমিতির সনদের ফটোকপি ও প্রত্যয়নপত্র সংগ্রহ করে দরপত্রের সঙ্গে জমা দিয়ে পুকুর ইজারা নিয়েছেন। তিনি অন্য সমিতির সদস্যদের দরপত্র দাখিলে বাধা দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
সমিতির লোকজন ও পুকুর ইজারার সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের অভিযোগ, রেজাউল প্রভাব খাটিয়ে ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের বাগমারার প্রকল্প কর্মকর্তা এ কে এম সানাউল হককে ম্যানেজ করে সমিতির সনদের ফটোকপি ও প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন। সানাউল ৬ এপ্রিল অবসরে যাওয়ার আগে সাংসদের ভাইকে সনদ ও প্রত্যয়ন দিয়ে গেছেন। তবে সদ্য অবসরে যাওয়া সানাউল ৭ মে প্রথম আলোর কাছে রেজাউলকে ৫২টি বিত্তহীন সমবায় সমিতির সনদের ফটোকপি ও প্রত্যয়নপত্র দেওয়ার কথা স্বীকার করে বলেন, সমিতির সদস্যরা গরিব, তাঁরা যাতে কিছু সুবিধা পান, এই শর্তে রেজাউলকে ইজারার প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়েছে। রেজাউলও সদস্যদের সহযোগিতার আশ্বাস দিয়ে সনদ ও প্রত্যয়ন নিয়েছিলেন।
উপজেলার মহব্বতপুর গ্রামের বাসিন্দা মুনসুর রহমান বলেন, তিনিও পঞ্চম দফায় পুকুর ইজারা নিতে দরপত্র সংগ্রহ করেছিলেন। রেজাউলের বাধায় তিনি তা জমা দিতে পারেননি। এ রকম অভিযোগ আরও অনেকে করেছেন।
উপজেলার রসুলপুর মহিলা বিত্তহীন সমিতি, সাদোপাড়া মহিলা সমিতি, বালানগর বিত্তহীন সমিতি, রামরামা পূর্বপাড়া মহিলা সমিতি, গোয়ালকান্দি বিত্তহীন সমিতি, শুকতারা মহিলাকল্যাণ সমিতির সভাপতিরা বলেন, তাঁরা এই বিষয়ে কিছুই জানেন না, তাঁদের কোনো টাকাও দেওয়া হয়নি। তাঁদের সমিতির নামে কোনো পুকুর ইজারা দেওয়া হয়েছে কি না, তা-ও তাঁরা জানেন না।
তবে উপজেলা জলমহাল ইজারা কমিটির সদস্যদের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, ওই সব সমিতি ইজারার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে পুকুর ইজারা পেয়েছে। এ-সংক্রান্ত চিঠি ইউএনওর দপ্তরের নোটিশ বোর্ডেও টাঙানো রয়েছে।
এদিকে এসব পুকুর ইজারা নিয়ে সেগুলো রেজাউল বেশি দামে সাবলিজ দেওয়া শুরু করেছেন। যদিও সাবলিজ দেওয়ার বিধান নেই।
উপজেলার মাড়িয়া ইউনিয়নের সূর্যপাড়া গ্রামের মুনজুর রহমান বলেন, গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে চারটি পুকুরে মাছ চাষ করে যে পরিমাণ টাকা লাভ পেত, তা স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ব্যয় করা হতো। এবার রেজাউল সেগুলো ইজারা নিয়ে সেখানে মাছের পোনা ছেড়ে দেওয়াতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে গ্রামের লোকজন ২০ হাজার টাকা অতিরিক্ত দিয়ে ৮১ হাজার টাকায় ওই পুকুরগুলো সাবলিজ নিয়েছেন। এ ছাড়া রেজাউলের কাছ থেকে যোগিপাড়া ইউনিয়নের গোপিনাথপুর, মাড়িয়ার অনন্তপাড়া, ঝিকড়া ও গোয়ালকান্দি ইউনিয়নেরও সাতটি পুকুর সাবলিজ নেওয়া হয়েছে।
রেজাউল বলেন, তিনি বিভিন্ন সমিতির নামে ৫২টি খাসপুকুর ইজারা নিয়েছেন। এখনো সব কটির কাগজপত্র পাননি। তবে তাঁকে অন্য সমিতির সদস্যদের দরপত্র দাখিলে বাধা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
উপজেলা জলমহাল ইজারা কমিটির সভাপতি ইউএনও নাছরিন আক্তার বলেন, তিনি বিষয়টি জানেন না। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।