বাগমারায় সাংসদের সংবর্ধনা পণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার মচমইলে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সাংসদ জিনাতুন নেসাকে সংবর্ধনা জানিয়ে নির্মিত তোরণ ভেঙে ফেলেছে দলের অপর পক্ষ। একই দলের স্থানীয় সাংসদকে না জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় এ কাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দলীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর-মচমইল মহিলা কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ায় কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করে গতকাল শনিবার। এ জন্য কলেজের সামনে বিশাল তোরণ নির্মাণ করা হয়। কিন্তু স্থানীয় সাংসদ এনামুল হকের অনুসারীরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জয় বাংলা স্লোগান দিয়ে তোরণ ভেঙে ফেলে। তবে সাংসদের লোকজন তোরণ ভাঙেনি বলে দাবি করেন স্থানীয় শুভডাঙ্গা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। সাংসদকে না জানিয়ে সংবর্ধনার আয়োজন করায় শুক্রবার রাতে এক জরুরি সভায় অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দিয়ে একই স্থানে প্রতিবাদ সভার আহ্বান করে দলের একটি অংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গতকাল সকালে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা আওয়ামী লীগ পরে মচমইলে শুভডাঙ্গা ইউপি আওয়ামী লীগের দপ্তরে সভা করে। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা জাকিরুল ইসলাম, সিরাজ উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা সাংসদকে পাশ কাটিয়ে জিনাতুন নেসাকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের প্রতিবাদ জানান। কলেজের অধ্যক্ষ আহসানুল করিম জানান, তাঁরা ঘরোয়াভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জানান, সাংসদকে না জানিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় তা প্রতিহতের ঘোষণা দেওয়া হয়েছিল।সাংসদ এনামুল হক জানান, জিনাতুন নেসার সংবর্ধনা অনুষ্ঠান একটি হঠকারী সিদ্ধান্ত। তাঁকে পাশ কাটিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে জিনাতুন নেসার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে অনুষ্ঠানের সভাপতি পি এম সফিকুল ইসলাম জানান, তাঁদের অনুষ্ঠান ছিল ঘরোয়া। অনুষ্ঠানের বিশেষ অতিথি ও আওয়ামী লীগের নেতা অনিল কুমার সরকার বলেন, একজন সাংসদের অনুষ্ঠানের তোরণ ভেঙে ফেলে পাল্টা সভার আয়োজন করা দুঃখজনক। তিনি এ জন্য স্থানীয় সাংসদকে দায়ী করে বলেন, এটা করা ঠিক হয়নি। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।