বাগমারায় সাত ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা
রাজশাহীর বাগমারায় লোকালয়ে অবৈধভাবে গড়ে ওঠা সাত ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজশাহীর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মকবুল হোসেন বাদী হয়ে গত সোমবার রাতে বাগমারা থানায় পৃথক সাতটি মামলা করেন।
মামলায় অবৈধভাবে ভাটা পরিচালনাকারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুনসহ নয়জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন উপজেলার বাকশাইল গ্রামের আমিনুল ইসলাম, সুজনপালশার জুয়েল রানা, গোবিন্দপাড়ার দুলাল হোসেন, উকিল চান, বাইগাছার রশিদুল ইসলাম, জয়পুরের আবুল কাশেম, পাশুড়িয়ার জামাল উদ্দিন ও আবদুস সামাদ।
স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দপাড়া, নরদাশ, শুভডাঙ্গা ইউনিয়নে কয়েক বছর ধরে স্থানীয় সাত প্রভাবশালী ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়াই নীতিমালা লঙ্ঘন করে ইটভাটা স্থাপন করেন। ইটভাটাগুলো লোকালয় ও আবাদি জমির পাশে স্থাপন করা হয়। তাঁদের বিরুদ্ধে সরকারকে ভ্যাট ও ট্যাক্স না দেওয়ারও অভিযোগ রয়েছে। স্থায়ী চিমনি ব্যবহারের নিয়ম থাকলেও ইটভাটাগুলোতে ড্রাম চিমনি ব্যবহার করা হয়। ভাটার মালিকেরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে এত দিন কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। গত ১৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘লোকালয়ে ৯ ইটভাটা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই পরিবেশ অধিদপ্তর সরেজমিনে এসে অবৈধ সাত ইটভাটার খোঁজ পায়।
পরিবেশ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মিজানুর রহমান বলেন, পরিবেশের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনার জন্য প্রথমে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব না পাওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আল মামুন বলেন, পরিবেশ অধিদপ্তরের মামলার বিষয়ে তিনি কিছু জানেন না।
বাগমারা থানার ওসি আবদুল হামিদ বলেন, মামলাগুলো তদন্তের জন্য আদালতের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে।