বাগমারায় সিন্ডিকেটের বাইরে চামড়ার ক্রেতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামড়ার চাহিদা না থাকায় এবার রাজশাহীর বাগমারায় বিক্রেতারা ছুটছেন ক্রেতার খোঁজে। অন্যান্য বছর ক্রেতারা বাড়ি বাড়ি গিয়ে চামড়া কেনেন। কিন্তু এবার চিত্র উল্টো। ক্রেতাদের চাহিদা না থাকায় নামমাত্র দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা।

অন্যান্য বছর বিভিন্ন গ্রাম থেকে কোরবানির পশুর চামড়া এক জায়গায় জড়ো করে বিক্রি হতো। ক্রেতারা সেসব জায়গায় এসে চামড়া কিনে নিয়ে যেতেন। তবে এ বছর কোনো ক্রেতার দেখা মেলেনি। তাই বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ও আজ বুধবার সকালে বিক্রেতারা চামড়া নিয়ে ক্রেতাদের সন্ধানে ছুটেছেন।

আজ বুধবার সকালে উপজেলার ভবানীগঞ্জ ও তাহেরপুরে চামড়া বিক্রির দুটি অস্থায়ী হাটে গিয়ে দেখা যায়, বিক্রেতারা কোরবানির পশুর চামড়া নিয়ে এসে বিক্রি করছেন। প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ থেকে ৭০০ টাকায় এবং ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।

বাগমারা গ্রামের পশ্চিমপাড়ার সর্দার মুজিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তাঁরা চামড়া বাড়িতে বসেই বিক্রি করতেন। মৌসুমি ও পেশাদার চামড়া ক্রেতারা এসে বাড়ি থেকে চামড়া কিনে নিয়ে যেতেন। তবে এবার ক্রেতারা না আসায় নাটোরে আড়তে গিয়ে চামড়া বিক্রি করেছেন। সেখানে দামও ভালো পাননি। বহন খরচ বাদে সামান্য টাকা পেয়েছেন।

আবদুর রাজ্জাক নামের আরেক চামড়া বিক্রেতা জানান, তিনিও কম দামে চামড়া বিক্রি করেছেন। এখানে বর্গফুট হিসাবে চামড়া না কিনে ক্রেতারা প্রতি পিছ হিসেবে চামড়া কিনেছেন।

বিক্রেতাদের অভিযোগ, এবার চামড়া ক্রেতারা সিন্ডিকেট তৈরি করেছেন। তাঁরা এবার চামড়া কিনতে মাঠে না নেমে উপজেলার দুটি জায়গায় বসে চামড়া কিনেছেন। তারা নিজেরাই দাম নির্ধারণ করে সবাই কম দামে চামড়া কিনেছেন। এ ছাড়া এবারও আগে থেকেই চামড়ার দাম নির্ধারণ করে দেওয়ায় এবং বিভিন্ন মাধ্যমে তা প্রচার হওয়ায় মৌসুমি ক্রেতারা ভয়ে চামড়া কিনতে মাঠে নামেনি।

আতাউর রহমান নামের একজন মৌসুমি চামড়া ব্যবসায়ী বলেন, চামড়ার দাম কম নির্ধারণ করে দেওয়ায় এবার তিনি কেনেননি। তাঁর মতো আরও অনেকেই এবার এই ব্যবসা থেকে দূরে থেকেছেন।

মকলেছুর রহমান, আজাদ হোসেনসহ সাতজন চামড়া ব্যবসায়ী এবার নির্দিষ্ট স্থানে বসে চামড়া কেনার কথা স্বীকার করে জানান, লবণের দাম বৃদ্ধি ও পরিবহন খরচসহ বিভিন্ন কারণে এবার কম দামে চামড়া কেনা হয়েছে। তবে এতেও তাঁদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তাঁরা।