বাগমারায় সেচ নিয়ে উত্তেজনা হামলা, ১০ বাড়ি ভাঙচুর
বোরোখেতে পানি সেচের সরকারি নীতিমালা বাস্তবায়নের দাবি জানানো নিয়ে বৃহস্পতিবার রাজশাহীর বাগমারা উপজেলার বারইপাড়া গ্রামে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বারইপাড়া গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপ পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা চলে আসছিল। কৃষকেরা সরকারি নীতিমালা অনুযায়ী সেচচার্জ দিয়ে বোরো খেতে পানি সেচ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অপরদিকে নলকূপ পরিচালনাকারীরা ধানের বিনিময়ে (চার ভাগের এক ভাগ) সেচ দেবেন বলে কৃষকদের জানিয়ে দেন। সেই মোতাবেক তাঁরা জমিতে সেচ দেওয়া শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকে। গত বৃহস্পতিবার রাতে নলকূপ পরিচালনাকারী আয়েজ উদ্দিন, রিয়াজ উদ্দিন, দুলাল, রাজ্জাকসহ ৩০-৪০ জন প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা করেন। তাঁরা বাড়িঘরের আসবাব, মোটরসাইকেল, প্রাচীরসহ মূল্যবান সামগ্রী ভাঙচুর করেন। তাঁরা ওই গ্রামের ইসমাইল হোসেন, আবুল কাসেম, আবদুল খালেক, সামান আলী, আবদুল মান্নানসহ ১০টি পরিবারের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করেন।গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গ্রামের কয়েকটি বাড়িঘর তছনছ অবস্থায় রয়েছে। কয়েকটি বাড়ির উঠানে আসবাব ও ধান, পেঁয়াজ, আলু ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ইসমাইলের বাড়ির প্রাচীরও ভাঙা।গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম জানান, কৃষকেরা বরেন্দ্র কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কুপন কেটে টাকার বিনিময়ে বোরো খেতে সেচ দিতে চান। তবে গ্রামের নলকূপ পরিচালনাকারীরা ধানের বিনিময়ে সেচ দেওয়ার পক্ষে। এতে করে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজ উদ্দিনের নির্দেশে গ্রামের ১০টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় রিয়াজ উদ্দিনকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে আবদুল মান্নান ও আবদুল খালেক বাদী হয়ে মামলা দুটি করেন।উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজ উদ্দিন মাস্টার বলেন, ‘আমি ঘটনার সময় হাটগাঙ্গোপাড়ায় দলীয় কাজে ছিলাম। তবে আশপাশের আরও নলকূপ পরিচালনাকারীরা সেচের বিনিময়ে ধান নিয়ে থাকেন, তাই আমরাও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। ওই কৃষকদের পক্ষের একজন অপারেটরকে বাদ দেওয়ায় তাঁরা এ দাবি করছেন।’বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। ওই এলাকায় আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।