বাগমারায় হিন্দু পাড়ায় ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের বানইল গ্রামের হিন্দুপাড়ায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ নয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে গোবিন্দপাড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমানকে বানইল গ্রামের মানসিক প্রতিবন্ধী রসিক চন্দ্র ধাওয়া করেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে দলীয় ও এলাকার লোকজনকে জড়ো করে সন্ধ্যার দিকে হিন্দুপাড়ায় হামলা চালান। এ সময় তাঁরা রসিক চন্দ্রের বাড়িতে হামলা চালিয়ে আসবাব ও দরজা-জানালা ভাঙচুর করেন এবং নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুট করা হয়। পরে হিন্দুপাড়ার অন্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহত রসিক, ভারতী রানী, সঞ্জয়, বিমান চন্দ্র, সুফল, সুজন ও মলিনকে বৃহস্পতিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দীলিপ কুমার বাদী হয়ে গোবিন্দপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সিদ্দিকুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, হিন্দুপাড়ার লোকজনই এ হামলা করেছে।
এদিকে ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ সরকার। তিনি সংগঠনের পক্ষে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।