বাগমারায় ১৬ ইউপির নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের উপযোগী পরিবেশ না থাকায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে নির্দেশ দিয়ে জেলা নির্বাচন ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।
১৬টি ইউনিয়ন হলো আউচপাড়া, বাসুপাড়া, গোবিন্দপাড়া, গণিপুর, নরদাশ, সোনাডাঙ্গা, শুভডাঙ্গা, বড়বিহানালী, দ্বীপপুর, গোয়ালকান্দি, হামিরকুৎসা, ঝিকরা, যোগীপাড়া, মাড়িয়া, শ্রীপুর ও কাচরীকোয়ালিপাড়া। এসব ইউনিয়নে আগামীকাল শনিবার ভোট গ্রহণের কথা ছিল।
কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ (রাজশাহী-৪) এনামুল হক প্রভাব বিস্তার করায় কমিশন বাগমারার সব কটি ইউনিয়নের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গতকাল বলেন, সাংসদ এনামুল হক এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। তাঁকে নির্বাচনী প্রচারে অংশ না নেওয়ার জন্য একাধিকবার মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তিনি আমলে নেননি।