বাগমারায় ৭৭ সার ডিলারের নিবন্ধন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট সময়ের মধ্যে জামানতের টাকা জমা না দেওয়ায় রাজশাহীর বাগমারা উপজেলার ৭৭ জন সার ডিলারের (খুচরা বিক্রেতা) নিবন্ধন বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় গত বছরের ৮ নভেম্বর ১৬১ জনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের ২২ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয়ের এক সভায় এসব ডিলারকে জামানত হিসেবে ৩০ হাজার টাকা করে সংশ্লিষ্ট উপজেলায় নির্দিষ্ট হিসাবে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।উপজেলা কৃষি অফিস ডিলারদের গত ১৫ অক্টোবরের মধ্যে জামানতের টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেয়। এই সময়ের মধ্যে টাকা জমা না দিলে তাঁদের নিবন্ধন বাতিল হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৮৪ জন ডিলার জামানতের টাকা জমা দিলেও বাকি ৭৭ জন তা জমা দেননি।উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু হোরায়রা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে জামানতের টাকা জমা না দেওয়ায় তাঁদের নিবন্ধন বাতিল করা হয়েছে। কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামস-ই তাবরীজ জানান, এসব স্থানে নতুন করে ডিলার নিয়োগ করা হবে।