বাগমারায় 'অপহৃত' বৃদ্ধের লাশ উদ্ধার
রাজশাহীর বাগমারা উপজেলায় ‘অপহৃত’ এক বৃদ্ধের লাশ আজ মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার শিকদারী এলাকার পরিত্যক্ত একটি ইটভাটা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধের নাম আনোয়ার হোসেন (৬২)। তিনি পেশায় মুদি দোকানদার ছিলেন। তাঁর বাড়ি উপজেলার দ্বীপপুর ইউনিয়নের দ্বীপপুর গ্রামে।
আনোয়ারের ছেলে সাইফুল ইসলাম বলেন, গত ২৬ ফেব্রুয়ারি নওগাঁর রানীনগর এলাকার রওশন জামান ওরফে মোস্তফা জামান নামের এক ব্যক্তি তাঁর বাবাকে অপহরণ করেন। এ সময় তাঁর বাবার কাছে প্রায় দেড় লাখ টাকা ছিল। ওই টাকার জন্যই তাঁর বাবাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁরা বাগমারা থানায় মামলা করতে চেয়েছেন। কিন্তু পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাঁরা দুপুরের দিকে ইটভাটার হাউস থেকে একটি লাশ উদ্ধার করেন। পরে স্বজনেরা লাশটি শনাক্ত করেন।
পুলিশের বিরুদ্ধে আনোয়ারের স্বজনদের করা অভিযোগ অস্বীকার করেন পরিদর্শক আজাদ।