বাগমারায় ‘বন্দুকযুদ্ধে’ এমএল-লাল পতাকার কমান্ডার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার বাজেগোয়ালকান্দির বাগিচাপাড়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এলাহী বক্স (৩৮) ওরফে কসাই মিঠু নিহত হয়েছেন। র‌্যাব ও পুলিশের দাবি, এলাহী বক্স চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার। তিনি বাজেগোয়ালকান্দি গ্রামের বাসিন্দা। বন্দুকযুদ্ধে র্যাবের বাগমারা ক্যাম্পের হাবিলদার আবদুল ওয়াহাব (৩৯) আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি, একটি গুলির খোসা, দুটি বড় ছুরি, একটি রামদা এবং বেশ কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাবের বাগমারা ক্যাম্পের সহকারী উপপরিচালক (ডিএডি) শরিফুল ইসলাম গতকাল বুধবার অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বাগমারা থানায় মামলা করেছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ জানান, এলাহী বক্স পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। তিনি লাল পতাকার ‘খ’ (রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ) অঞ্চলের কমান্ডার। তাঁর বিরুদ্ধে তাহেরপুরে পুলিশ হত্যা, অস্ত্র লুট, জাহাঙ্গীর চেয়ারম্যান, মোনাক্কা, বাবুল মেম্বার হত্যা মামলাসহ বাগমারা ও নাটোরের নলডাঙ্গা থানায় ছয়টি মামলা রয়েছে।