বাগমারায় 'বন্দুকযুদ্ধে' নিহত যুবক নওগাঁর আনোয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে নিহত যুবক নওগাঁর আনোয়ার হোসেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে কেউ লাশ নিতে আসেনি। ওই লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমঘরে রাখা হয়েছে।

গত শনিবার উপজেলার ঝিকরা জোয়ানভাগ এলাকার এক আমবাগানে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হন। ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

নওগাঁর মান্দা থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, রাজশাহী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত যুবকের ছবি নিয়ে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর পারইল গ্রামে যাওয়া হয়। আনোয়ার ওই গ্রামের মৃত লোকমান আলীর ছেলে। এসআই জানান, আনোয়ারের মা সুরুতজান বেওয়া ও ১৩ বছরের মেয়ে আসমা খাতুন তাঁকে শনাক্ত করেছেন। তাঁরা লাশ নেওয়ারও আগ্রহ দেখিয়েছেন। এসআই আরও জানান, এলাকার লোকজনও ছবি দেখে তাঁকে আনোয়ার হোসেন বলে শনাক্ত করেন।

মান্দার থানা-পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত। দীর্ঘদিন পালিয়ে ছিলেন। আনোয়ারের দুই স্ত্রী। প্রথম স্ত্রী অনেক আগেই তালাক নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। দ্বিতীয় স্ত্রী রিমা। তিনিও জেএমবির সঙ্গে জড়িত। রিমা চলতি বছরের ১৫ এপ্রিল গ্রেপ্তার হয়ে দুই বছরের ছেলে সিয়ামকে নিয়ে বগুড়া কারাগারে রয়েছেন। গত ৩ এপ্রিল শেরপুরের জোয়ানপুর গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই জেএমবি সদস্য নিহত হওয়ার মামলায় রিমাকে গ্রেপ্তার করা হয়েছিল। জে​এমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনোয়ারের বড় ভাই ইউসুফ আলী ও তাঁর ছেলে খাইরুল ইসলামও বগুড়া কারাগারে রয়েছেন। গত বছরের ২১ ডিসেম্বর বগুড়া থানা-পুলিশ তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

স্থানীয় গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ উদ্দিন মণ্ডল আনোয়ার হোসেনের পরিচয় নিশ্চিত করেছেন।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান বলেন, তাঁরাও নিহত যুবকের বাড়ি নওগাঁর মান্দায় বলে জানতে পেরেছেন। তবে মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। এ জন্য লাশ হিমঘরেই রাখা হয়েছে।

অারও পড়ুন