বাগাতিপাড়ায় কুকুর আতঙ্ক
নাটোরের বাগাতিপাড়ায় পাগলা কুকুরের কামড়ে দুই দিনে অন্তত সাতজন আহত হয়েছেন। বেওয়ারিশ এসব কুকুর নিধনে প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন-সুবিধা না থাকায় আক্রান্ত ব্যক্তিরাও চরম ভোগান্তি পোহাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নওশাদ আলী বলেন, উপজেলার ঢাকাপাড়া ও হিজলী পাবনাপাড়ার দুটি গ্রামে একের পর এক মানুষকে পাগলা কুকুর কামড় দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এ দুটি গ্রামের দুই শিশুসহ অন্তত সাতজনকে বেওয়ারিশ কুকুর কামড়িয়েছে। এ ছাড়া মানুষের পাশাপাশি বেওয়ারিশ কুকুরের কামড়ের হাত থেকে রক্ষা পাচ্ছে না ওই দুই গ্রামের গরু, ছাগল, হাঁস-মুরগিও। কুকুরের কামড়ে আহত সাতজন হলেন হিজলী পাবনাপাড়ার শাজাহান আলীর স্ত্রী আফরোজা বেগম (৩০), কায়েম উদ্দিনের মেয়ে হাসিনা বেগম (৩৮), খাইরুলের ছেলে মিন্নাত হোসেন (৩০), মিশেদ আলীর স্ত্রী আরিফা বেগম (২৫), আবদুল মামুনের মেয়ে সামী খাতুন (৬), আব্বাস আলীর স্ত্রী জাহেরা বেগম (২৬) এবং ঢাকাপাড়ার রমজান আলীর মেয়ে খাদিজা খাতুন (৭)।
আহত মিন্নাত হোসেন বলেন, কুকুরে কামড়ের পর তিনি ভ্যাকসিনের জন্য বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কিন্তু ভ্যাকসিন পাননি। বাধ্য হয়ে তিনি নাটোর সদর হাসপাতালে গিয়েছিলেন। সেখানে শুধু ড্রেসিং করে দেওয়া হয়েছে। ভ্যাকসিনের জন্য আজ শনিবার আবার যেতে বলা হয়েছে।
নাটোরের সিভিল সার্জন আজিজুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবরাহের সেবা চালু করা যায়নি। তবে জেলা সদর হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়। সেখান থেকে এই সেবা নিতে পরামর্শ দেন তিনি।