বাগাতিপাড়ায় শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় তথ্য গোপন করে পরীক্ষাকেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করায় এক শিক্ষককে সব পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
গত রোববার জেএসসি পরীক্ষাকেন্দ্রে এই অনিয়ম ধরা পড়ার পর গতকাল সোমবার সকালে তাঁকে এই অব্যাহতির আদেশ দেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বজলারুজ্জামান রোববার অনুষ্ঠিত জেএসসির গণিত পরীক্ষায় বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৫ নম্বর কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। তিনি গণিত বিষয়ের শিক্ষক হয়েও গণিতের পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। পরীক্ষার দিনে একই বিষয়ের শিক্ষক দায়িত্ব পালন করতে পারেন না—শিক্ষা বোর্ডের এই নির্দেশনা অনুযায়ী ইউএনও কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাঁকে বরখাস্ত করেন।
বাগাতিপাড়া ইউএনও খোন্দকার ফরহাদ আহমদ বলেন, নিয়ম ভঙ্গ করায় সব পাবলিক পরীক্ষার দায়িত্ব পালন থেকে তিন বছরের জন্য বজলারুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বজলারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি ওই নিয়ম সম্পর্কে অবগত ছিলাম না।’