বাগাতিপাড়ায় ছাত্র হত্যার বিচারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র সানোয়ার হোসেনকে (১৭) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে তারা এসব কর্মসূচি পালন করে। এ ঘটনার প্রতিবাদে একই দিন ব্যবসায়ীরা ওই বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন।বাগাতিপাড়া ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার তমালতলা গ্রামের আফছার আলীর ছেলে ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র সানোয়ার হোসেন রোববার বিকেলে নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়। অনেক রাত পর্যন্ত বাড়ি না আসায় তার পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। একপর্যায়ে উপজেলার বেগুনিয়া মাঠে তার বাইসাইকেল ও স্যান্ডেল পাওয়া যায়।সোমবার সকালে সানোয়ারের বাবা আফছার আলী বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরে নর্থবেঙ্গল সুগার মিলের আখের একটি খেতের মধ্যে অগ্নিদগ্ধ একটি লাশ পাওয়া যায়। লাশের ওপরের অংশ আগুনে ঝলসে দেওয়া হয়েছিল। পরে আফছার আলী লাশটি তাঁর ছেলে সানোয়ারের বলে শনাক্ত করেন। পরনের কাপড়, হাতের আংটি ও বাইসাইকেলের চাবি দেখে তিনি লাশটি শনাক্ত করেন। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এ ঘটনায় আফছার আলী সোমবার রাতে বাগাতিপাড়া থানায় সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পুলিশ রাতেই মামলার আসামি সহপাঠী সোহেল (২০), আরিফ (২২), দীপক (২৪), গৌতম (২৪), আকবর (৪৫) ও আলমগীরকে (২২) গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।সানোয়ার হোসেনের বাবা আফছার আলী জানান, তাঁর ছেলে একজন মেধাবী ছাত্র। কিছু বিপথগামী সহপাঠীর ষড়যন্ত্রে তাঁর ছেলে খুন হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম বলেন, প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে সানোয়ারকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ গুম করতেই দুর্বৃত্তরা লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে।