বাগাতিপাড়ায় পুলিশি বাধায় ইফতার ও দোয়া মাহফিল পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠানের প্রস্তুতিকালে পুলিশ বাধা দিলে অনুষ্ঠান পণ্ড হয়। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
দলীয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে একই দিনে উপজেলা বিএনপি পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসায় এবং যুবদল-ছাত্রদল পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে উভয় পক্ষ থেকে থানায় লিখিতভাবে অনুমতি চেয়ে আবেদন করা হয়। কিন্তু গতকাল বেলা ১১টার দিকে থানার পুলিশ যুবদল-ছাত্রদলের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয়।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম সরকার বলেন, ২৬ মে তিনি বাগাতিপাড়া মডেল থানায় এ-সংক্রান্ত অনুষ্ঠানের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু বিএনপির অপর একটি অনুষ্ঠানের কারণে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে—এমন অজুহাতে যুবদল-ছাত্রদলের অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়। এর জন্য তিনি বিএনপির স্থানীয় নেতা মোশাররফ হোসেন ও হাফিজুর রহমান সরকারকেও দোষারোপ করেন। তাঁর অভিযোগ, ওই নেতাদের যোগসাজশে পুলিশ তাঁদের অনুষ্ঠান পণ্ড করে দেয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, বিএনপি থেকে একটি স্থানেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্য কোথাও আয়োজন ছিল কি না, তিনি তা জানেন না।
কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তারিকুল ইসলাম বলেন, ‘পুলিশি বাধায় যুবদল-ছাত্রদলের অনুষ্ঠান পণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিএনপি ও ছাত্রদল-যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একটা পক্ষ অনুষ্ঠান করতে পারেনি বলে তিনি শুনেছেন। পুলিশ কারও অনুষ্ঠান পণ্ড করেনি।