বাগাতিপাড়ায় ভেঙে দেওয়া হলো শিক্ষকের বাসভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ার বারইপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক কলেজশিক্ষকের নতুন টিনশেড বাসভবন প্রতিপক্ষের লোকজন ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।বাগাতিপাড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া গ্রামের কলেজশিক্ষক আবদুর রাজ্জাকের সঙ্গে পাশের নূরপুর মালঞ্চি গ্রামের ইট ব্যবসায়ী শামসুলের জমি নিয়ে বিরোধ চলছিল। এ ব্যাপারে আদালতে উভয় পক্ষ মামলা করে। একপর্যায়ে আদালত আবদুর রাজ্জাকের পক্ষে রায় দেন। রায় পেয়ে ওই কলেজশিক্ষক টিনশেড ভবন নির্মাণের কাজ শুরু করেন। কিছুদিন আগে ওই ভবনের কাজ শেষ হয়। কাজ শেষ হলে প্রতিপক্ষ শামসুল ও তাঁর লোকজন বুধবার ওই বাসভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেন।আবদুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বাড়ির জমি নিয়ে মামলা ছিল। মামলায় জমির মালিকানার বিষয়ে আমার পক্ষে আদালত রায় দেন। রায় পেয়ে আমি পাকা ঘর নির্মাণ করে বসবাস করছিলাম। কিন্তু প্রতিপক্ষ শামসুল ইসলাম সন্ত্রাসীদের দিয়ে আমার বাড়িঘর ভেঙে আমাকে পথে বসিয়েছে।’ অভিযুক্ত শামসুল ইসলাম বাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। তবে রাজ্জাক সাহেব আমার জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন।’বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আবদুর রাজ্জাক গত বৃহস্পতিবার প্রতিপক্ষ শামসুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছিল, কিন্তু কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।