বাগাতিপাড়ায় ৬০ বছর পর শহীদ মিনার উদ্বোধন
ভাষা আন্দোলনের ৬০ বছর এবং দেশ স্বাধীন হওয়ার ৪০ বছর পর গত সোমবার নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টেস্ট রিলিফ (টিআর) এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে (কাবিখা) বরাদ্দ দেওয়া প্রায় তিন লক্ষাধিক টাকা দিয়ে উপজেলা চত্বরে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। সোমবার বিকেলে এটি উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এম এ তালহা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন খান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নওশের আলী সরকার। আরশাদ মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কছিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে সাংসদ এম এ তালহা মালঞ্চি বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় উদ্বোধন করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, এত দিন বাগাতিপাড়ায় সরকারি অর্থে নির্মাণ করা কোনো কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না। বাগাতিপাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের চত্বরে একটি শহীদ মিনার ছিল। সেখানে স্থানীয় ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করতেন। এটি বিদ্যালয় কর্তৃপক্ষই নির্মাণ করে।