বাগান ধ্বংস করছে বন্য হাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্য হাতির উপদ্রবে রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের দেড় শতাধিক পরিবার উচ্ছেদ হওয়ার পথে। কাপ্তাই হ্রদের তীরবর্তী ওই এলাকা একসময় বাগানে পরিপূর্ণ ছিল। কিন্তু গ্রামবাসীর আয়ের প্রধান উৎস এসব বাগান হাতির পাল ধ্বংস করে দিয়েছে। গ্রামবাসী হাতিগুলোকে অন্যদিকে সরিয়ে নিয়ে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, গ্রামের দক্ষিণ-পশ্চিমে একটি পাহাড়ে দুটি বাচ্চাসহ ১৭টি হাতি অবস্থান করছে। পাহাড়ের পশ্চিম পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন এলাকা। হাতির পাল দিনে ওই পাহাড়ে থাকে।
ওই পাহাড়ের জায়গাটি বন্দোবস্ত নেওয়া বিনিময় চাকমা বলেন, ‘কয়েক বছর আগে ওই পাহাড়ে কলা, আম, কাঁঠাল, পেঁপে, নারকেলসহ বিভিন্ন ফলের বাগান ছিল। আনারসের চাষও করেছিলাম। কিন্তু এখন কিছুই অবশিষ্ট নাই।’
গ্রামবাসী জানান, দিনে হাতিগুলো শান্ত থাকলেও রাতে গ্রামে এসে হানা দেয়। হাতিগুলো গ্রামের সব ফল খেয়ে ফেলে এবং গাছের ডালপালা ভেঙে ফেলে। এ অবস্থা চলতে থাকলে তাঁদের জীবিকার তাগিদে উচ্ছেদ হয়ে যেতে হবে।
গ্রামবাসী আরও জানান, হাতির পাল কয়েক মাস পরপর তাঁদের গ্রামে আসে। তখন সবার নির্ঘুম রাত কাটাতে হয়। রাতে গ্রামের চারদিকে আগুন জ্বালিয়ে হাতির সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া চলে।
গ্রামের প্রবেশপথের প্রথম বাড়ির মালিক মহন্ত চাকমা বলেন, ‘হাতির পাল এলে বাড়িতে ঘুমাতে পারি না। গ্রামের লোকজনকে নিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে সারা রাত পাহারায় থাকতে হয়।’
জীবতলী মৌজার হেডম্যান হিটলার চাকমা বলেন, ‘হাতিগুলো খাদ্যের অন্বেষণে এদিকে আসে তা বুঝি। কিন্তু হাতির উপদ্রবে গ্রামবাসী ক্ষতির শিকার হচ্ছেন। সেনাবাহিনী, প্রশাসন ও বন বিভাগ হাতিগুলো রক্ষায় তৎপর। তারা হাতির বিরুদ্ধে কোনো আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র ব্যবহার করতে দেয় না। কিন্তু তার বিপরীতে গ্রামবাসীকে রক্ষা ও জীবিকা নির্বাহের ব্যবস্থা গ্রহণে পুরোপুরি নির্লিপ্ত।’ হাতির পালকে অন্যত্র সরিয়ে নিয়ে খাদ্যের জোগান দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে ওই গ্রামে মানুষের টিকে থাকা সম্ভব হবে না বলে মন্তব্য করেন হেডম্যান।
বন বিভাগের রাঙামাটি সার্কেলের বনসংরক্ষক মো. আবু হানিফ পাটোয়ারি বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। বিষয়টি দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা বলতে পারবেন।
তবে গতকাল বিভাগীয় বন কর্মকর্তার মুঠোফোনে বারবার চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।